সপ্তাহে মাত্র তিন দিন কাজ করা উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্লোস স্লিম হেলু
কার্লোস স্লিম হেলু

‘পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি’।সর্বজনীন এই প্রবাদ বিশ্লেষণ করলে মানেটা দাঁড়ায়, জীবনে উন্নতি করতে হলে পেশায়-কর্মে প্রচুর পরিশ্রম তথা কাজ করা বাঞ্ছনীয়।কিন্তু এবার কম কাজ করার পরামর্শও পাওয়া গেছে।
না, এটি কোনো অলস ব্যক্তি বা কাজে ফাঁকি দেন তেমন কারও পরামর্শ নয়।এমন এক ব্যক্তি পরামর্শটি দিয়েছেন যিনি এই মুহূর্তে বিশ্বের দ্বিতীয় সেরা ধনী—কার্লোস স্লিম হেলু।মেক্সিকোর এই ধনকুবের বলেছেন, ‘কাজের ব্যাপারে আমরা সবাই ভুল ধারণার মধ্যে আছি। আমাদের সপ্তাহে মাত্র তিন দিন কাজ করা উচিত।’
মানুষের কত বয়স পর্যন্ত কাজ করা উচিত, সেই ব্যাপারেও বিশ্বের অন্যতম ধনাঢ্য ব্যবসায়ী প্রচলিত নিয়ম ভাঙার কথা বলেছেন। তাঁর মতে, ৫০ থেকে ৬০ বছরে কাজ থেকে অবসর নেওয়ার যে নিয়মনীতি রয়েছে সেটাকে এখন কাঠামোগতভাবে ঢেলে সাজানোর সময় এসে গেছে। তিনি বলেন, ‘আমাদের বৃদ্ধ হওয়া পর্যন্ত কাজ করা উচিত।’
স্লিম বলেন, ‘মানুষ ৭০-৭৫ বছর বয়স পর্যন্ত কাজ করতে পারে। আর সপ্তাহে কাজ করবে তিন দিন। তবে ওই তিন দিন কাজের সময় হবে ১১ ঘণ্টা।’
প্রসঙ্গত, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) নির্দেশনা অনুযায়ী, দৈনিক কাজের সময় আট ঘণ্টা।
প্যারাগুয়েতে এক ব্যবসায়ী সম্মেলনে তিনি এসব অভিমত দেন। তিনি বলেন, ‘সপ্তাহে তিন দিন কাজ করলে আমাদের হাতে বিশ্রাম নেওয়া ও আরাম-আয়েশ করার মতো পর্যাপ্ত সময় থাকবে; যা মানসম্পন্ন জীবনযাপনের জন্য প্রয়োজন। সপ্তাহে চার দিন ছুটি পেলে অনায়াসে বিনোদনসহ অন্যান্য কর্মকাণ্ড সম্পাদন করা যাবে। এটি মানুষের জন্য গুরুত্বপূর্ণও বটে।’
কার্লোস স্লিম মনে করেন, সপ্তাহে তিন দিন কাজ ও চার দিন ছুটি থাকলে তাতে জীবন একঘেয়ে হয়ে উঠবে না, বরং এটি হবে মজার। এর ফলে শ্রমশক্তি অধিকতর সুস্থ-সবল ও উৎপাদনশীল হয়ে উঠবে। এ ছাড়া আর্থিক সচ্ছলতা ও দীর্ঘায়ু লাভের একটি যোগসূত্র তৈরি হবে।
স্লিমের কথা আর কাজের মধ্যে দারুণ মিল আছে। কারণ নিজের কোম্পানিতে তিনি কর্মীদের সপ্তাহে তিন দিন ছুটি দেন। অর্থাৎ তাঁর প্রতিষ্ঠানের কর্মীরা সপ্তাহে চার দিন কাজ করে পূর্ণ বেতনই পান। তাঁর কোম্পানিতে কর্মীরা যৌবনের শুরুতেই যোগ দেন এবং বয়স ৫০ বছর হওয়ার আগে স্বাভাবিক অবসর নেন। তবে এরপর তাঁরা স্বেচ্ছায় কাজ করতে চাইলে সুযোগ দেওয়া হয়।
কার্লোস স্লিম নিছক এক সাদামাটা অবস্থা থেকে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি হয়ে ওঠেন। তিনি ২০১০-১৩ সাল পর্যন্ত টানা চার বছর বিশ্বের সেরা ধনী হন। চলতি বছরে অবশ্য দ্বিতীয় স্থানে নেমে যান। ১০০ কোটি মার্কিন ডলারের বেশি মূল্যের ধনসম্পদ রয়েছে, এমন ব্যক্তিদের নিয়েই বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বস প্রতিবছর বিশ্বধনীদের এই তালিকা তৈরি করে থাকে।
স্লিমের মূল ব্যবসা টেলিফোনের। মেক্সিকোর টেলিযোগাযোগ বাজারে ফিক্সড-লাইন ফোনের ৮০ শতাংশ ও মোবাইল ফোনের ৭০ শতাংশই রয়েছে যথাক্রমে তাঁর টেলমেক্স ও আমেরিকা মোবাইলের দখলে।
স্লিম টেলমেক্স, আমেরিকা মোবাইল ও গ্রুপো কারসোর চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। বর্তমানে তাঁর মোট ধনসম্পদের মূল্য আট হাজার কোটি মার্কিন ডলারেরও বেশি।
স্লিমের বয়স এখন ৭৪ বছর। তবু তিনি এখনো অবসর নেওয়ার কথা ভাবছেন না বলে জানান। তাঁর সম্পর্কে যুক্তরাজ্যের ইতিহাসবিদ অ্যান্ড্রু প্যাক্সম্যান বলেন, ‘কার্লোস স্লিম কাকে শ্রদ্ধা বা অনুসরণ করছেন সেটি দেখুন। তিনি মেক্সিকান ব্যাংকার ম্যানুয়েল এসপিনোসাকে শ্রদ্ধা করেন; যিনি ৮০ বছরেরও বেশি বয়সে এখনো কাজ করে চলেছেন।’ প্যাক্সম্যান বর্তমানে স্লিমকে নিয়ে একটি বই লিখছেন।
সূত্র: এফটি ডট কম ও টাইম ডট কম