সপ্তাহে সাত দিন বেনাপোল ও আখাউড়া বন্দর খোলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে সপ্তাহের সব দিনই আমদানি ও রপ্তানি করা যাবে
বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে সপ্তাহের সব দিনই আমদানি ও রপ্তানি করা যাবে

ভারত সীমান্তে অবস্থিত বাংলাদেশের বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে সপ্তাহের সব দিনই আমদানি ও রপ্তানি করা যাবে। রাষ্ট্রীয় ছুটি ছাড়া প্রতিদিনই খোলা থাকবে এই দুটি স্থলবন্দর। কোনো সাপ্তাহিক ছুটি থাকবে না। বর্তমানে এই দুটি বন্দর শুক্রবার বন্ধ থাকে।
একইভাবে বেনাপোলের বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল ও আখাউড়ার বিপরীতে ত্রিপুরার আগরতলা স্থলবন্দরও সপ্তাহের সাত দিনই খোলা থাকবে।
আগামী জানুয়ারি মাস থেকে এই নিয়ম কার্যকর করা হতে পারে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই উভয় দেশের আমদানি-রপ্তানিকারকেরা সপ্তাহের সব দিন বন্দর খোলা রাখার দাবি করে আসছেন।
বাংলাদেশ ও ভারতের মধ্যে দুই দিনব্যাপী শুল্কসংক্রান্ত যৌথ দলের বৈঠকের প্রথম দিনে এই বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে বলে জানা গেছে। গতকাল সোমবার থেকে শুরু হওয়া এই বৈঠক আজ মঙ্গলবার শেষ হবে। রাজধানীর রূপসী বাংলা হোটেলে এই বৈঠক চলছে।
সভায় অংশ নেওয়া একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, সাপ্তাহিক ছুটি না থাকলে কার্যদিবস বাড়বে। আর এতে আমদানি-রপ্তানি কার্যক্রম নিরবচ্ছিন্ন হবে। বন্দরে পণ্যজটও কমবে, দ্রুত খালাস হবে। আমদানিকারকের ব্যয় কমবে।
সভা সূত্রে আরও জানা গেছে, দুই দেশের সব স্থলবন্দর ও শুল্ক স্টেশন এখন থেকে প্রতিদিন একই সময়ে খোলা হবে। আবার একই সময়ে বন্ধ হয়ে যাবে। দুই দেশের স্থানীয় সময়ের তারতম্যের প্রতিদিন এক কার্যঘণ্টা কমে যায়।
প্রসঙ্গত, উভয় দেশে স্থানীয় সময়ের তারতম্য আধাা ঘণ্টা। এই তারতম্যের কারণে বাংলাদেশের সীমান্ত আধা ঘণ্টা আগে খুললেও ভারতের সীমান্ত খোলার জন্য অপেক্ষায় থাকতে হয়।
বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে যে ভারতের স্থলবন্দর দিয়ে প্রতিটি চালানে কতটি পণ্যবাহী ট্রাক বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে, তা এ দেশের স্থলবন্দরে কর্মরত শুল্ক কর্মকর্তাদের আগে জানাতে হবে। একইভাবে বাংলাদেশের সীমান্ত দিয়ে ভারতের ভূখণ্ডে কতটি পণ্যবাহী ট্রাক গেল, তা-ও ভারতীয় কর্তৃপক্ষকে আগে জানাতে হবে।
যেমন একটি চালানে যদি ১০০ ট্রাক পণ্য আসে, ভারতের শুল্ক কর্মকর্তারা তাদের নিয়মিত কার্যক্রম শেষে তা সঙ্গে সঙ্গে বাংলাদেশের শুল্ক কর্মকর্তাদের জানিয়ে দেবেন। পরে বাংলাদেশের শুল্ক স্টেশনে পৌঁছানোর পর শুল্ক কর্মকর্তারা ১০০ ট্রাক পণ্য এসেছে কি না, তা পরীক্ষা-নিরীক্ষা করবেন। এ সময় তাঁরা পণ্যের পরিমাণও খতিয়ে দেখবেন।
সভায় অংশ নেওয়া একাধিক কর্মকর্তা জানান, এতে মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আনার প্রবণতা কমে যাবে। রাজস্ব আদায়ও বাড়বে।
এ ছাড়া সভায় একমত পোষণ করা হয় যে বিশেষ প্রয়োজনে দুই দেশের শুল্ক কর্মকর্তারা ভিসা ছাড়াই সীমান্ত অতিক্রম করে উভয় দেশের শুল্ক স্টেশনে যেতে পারবেন। এতে কোনো জটিলতা দেখা দিলে দ্রুত সমাধান করা সম্ভব হবে বলে মত দেওয়া হয়। আগামী জানুয়ারি মাস থেকে এই সুবিধা কার্যকর করা হতে পারে। তার আগে উভয় দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতামত নেওয়া হবে।
মূলত উভয় দেশের মধ্যে শুল্কসংক্রান্ত পারস্পরিক সহযোগিতা কাঠামোর আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। এমনকি উভয় দেশের মধ্যে প্রয়োজনীয় তথ্য আদান-প্রদান করার বিষয়ে সভায় অংশ নেওয়া কর্মকর্তারা একমত হয়েছেন।
বৈঠক সূত্রে জানা গেছে, দুই দেশের মধ্যে অনানুষ্ঠানিক ব্যবসা-বাণিজ্যকে কীভাবে আনুষ্ঠানিক প্রক্রিয়ার মধ্যে আনা যায়, সেই বিষয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া ১৬টি স্থলবন্দর ও শুল্ক স্টেশন দিয়ে পণ্য আনা-নেওয়াকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। অকার্যকর শুল্ক স্টেশনগুলো বন্ধ করে দেওয়া যায় কি না, সে বিষয়েও আলোচনা হয়েছে। এ ছাড়া চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) ভূমিকা নিয়েও আলোচনা হয়।
বৈঠকে ভারতের পক্ষ থেকে মেঘালয়ের পূর্ব খাসিয়া পার্বত্য জেলার ইছামতী-বেলতলি দিয়ে বাংলাদেশের লুবিয়া গ্রামের মধ্য দিয়ে একটি বাণিজ্য পথ তৈরি করার প্রস্তাব দেওয়া হয়। এই সম্ভাব্য বাণিজ্য পথটি তৈরির বিষয়টি বিবেচনা করার আশ্বাস দিয়েছে বাংলাদেশ।
ঢাকায় অনুষ্ঠিত এই সভায় ভারতের পক্ষে রাজস্বসংক্রান্ত সচিব সুমিত বোস প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। আর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান গোলাম হোসেনের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল বৈঠকে অংশ নিচ্ছেন। এটি উভয় দেশের মধ্যে এই সংক্রান্ত নবম বৈঠক। আজ মঙ্গলবার বিকেলে উভয় পক্ষ একটি যৌথ কার্যপত্রে সই করতে পারেন বলে জানা গেছে।
উভয় দেশের কার্যসূচিতে বিভিন্ন প্রস্তাব নিয়ে সভায় আলোচনা করার কথা রয়েছে।