সপ্তাহের প্রথম কার্যদিবসে ব্যাপক দরপতন
নতুন সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল রোববার দেশের শেয়ারবাজারে ব্যাপক দরপতন ঘটেছে।এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৮৬ শতাংশেরই দরপতন হয়েছে। এই বাজারের সাধারণ সূচক ৯৪ পয়েন্ট বা ২ দশমিক ১৭ শতাংশ কমেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচকও ২৭০ পয়েন্ট বা ২ শতাংশ কমে গেছে। তবে দরপতন সত্ত্বেও দুই বাজারে লেনদেনের পরিমাণ আগের কার্যদিবসের চেয়ে কিছুটা বেড়েছে। মূলত ঈদের ছুটির পর থেকেই দেশের দুটি শেয়ারবাজার দরপতনের ধারায় রয়েছে। সেটিরই ধারাবাহিকতায় দুই স্টক এক্সচেঞ্জেই বড় দরপতন ঘটল বলে বিশ্লেষকেরা মনে করেন। তাঁদের মতে, বর্তমান বাজার যৌক্তিক কোনো আচরণ করছে না। এই সময়ে বাজারের বড় ধরনের দরপতন হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি।এদিক বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরাও এই দরপতনের সঠিক কোনো কারণ বলতে পারছেন না। আইডিএলসি ইনভেস্টমেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘বাজারের বর্তমান আচরণে সাধারণ বিনিয়োগকারীরা অনেকটাই বিভ্রান্ত। সঠিক কোনো নির্দেশনাও তাঁরা পাচ্ছেন না। বরং ক্রমাগত দরপতনে তাঁদের মধ্যে হতাশা তৈরি হচ্ছে। এ কারণে প্রতিদিনই শেয়ার বিক্রির চাপ বাড়ছে।’ মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘বাজারে বিক্রির চাপ সামাল দিতে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিশ্রেণীর বিনিয়োগকারীদের যে অংশগ্রহণ প্রয়োজন, বর্তমানে তার ঘাটতি রয়েছে। এ ক্ষেত্রে বিশেষ করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ জরুরি হলেও তা নেই।’ তিনি আরও বলেন, ‘সামনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর অর্থবছর শেষ হবে। সে জন্য এই পর্যায়ে এসে প্রতিষ্ঠানগুলো শেয়ারবাজারে তাদের বিনিয়োগ কতটা বাড়াতে পারবে তা নিয়েও যথেষ্ট সংশয় রয়েছে।’ তবে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে যখন হতাশা বেড়ে যায় তখনই বাজার ঘুরে দাঁড়াতে শুরু করে বলেও মত দেন মার্চেন্ট ব্যাংকের শীর্ষ এই নির্বাহী। পুঁজিবাজার বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক মোহাম্মদ হেলাল বলেন, ‘দেশের অর্থনীতির বর্তমান যে অবস্থা তাতে বড় ধরনের দরপতনের মতো নতুন কোনো ঘটনা ঘটেনি। বরং বাজারের আচরণ দেখে মনে হচ্ছে, একটি গোষ্ঠী দরপতনের মাধ্যমে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে। দরপতনের ফলে বাজার একটি পর্যায়ে আসার পর তাঁরা সক্রিয় হন, আবার একটি পর্যায়ে যাওয়ার পর শেয়ার বিক্রি করে দিয়ে মুনাফা তুলে নেন।’ মোহাম্মদ হেলাল আরও বলেন, ‘আমাদের বাজার এখনো পুরোপুরি পরিণত রূপ না পাওয়ায় সহজেই কারসাজির মাধ্যমে বাজারের উত্থান-পতন ঘটানো সম্ভব হচ্ছে।’মূল্যসূচকের পতন দিয়ে গতকাল ঢাকার বাজারে লেনদেন শুরু হয়, যা শেষ পর্যন্ত অব্যাহত থাকে। এতে ডিএসইর সূচক কমে প্রায় চার হাজার ২৫৩ পয়েন্টে নেমে এসেছে। গত প্রায় তিন মাসের মধ্যে এটিই ডিএসইর সাধারণ সূচকের সর্বনিম্ন অবস্থান। এর আগে সর্বশেষ চলতি বছরের ১৩ আগস্ট ডিএসইর সাধারণ সূচক চার হাজার ২০৮ পয়েন্টের সর্বনিম্ন অবস্থানে ছিল। ডিএসইতে এ দিন ২৭১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে আগের তুলনায় দাম কমেছে ২৩৪টির, বেড়েছে ৩১টির আর অপরিবর্তিত ছিল ছয়টির। দিন শেষে ঢাকার বাজারে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৪৫ কোটি টাকা, যা আগের কার্যদিবসের চেয়ে ৬৮ কোটি টাকা বেশি। এ দিন সিএসইর সার্বিক মূল্যসূচক কমে দাঁড়িয়েছে ১২ হাজার ৯৯২ পয়েন্টে। এই বাজারে ১৭৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে আগের চেয়ে দাম কমেছে ১৫৪টির, বেড়েছে ১৬টির আর অপরিবর্তিত ছিল পাঁচটির। দিন শেষে চট্টগ্রামের বাজারে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৭ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় চার কোটি টাকা বেশি।