দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার সপ্তাহের প্রথম দিনে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে শেষ হলো লেনদেন। আজ সারা দিন সূচক ঊর্ধ্বমুখী ছিল। একই সঙ্গে বাড়ে লেনদেনের পরিমাণ ও লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দিন শেষে ডিএসই সাধারণ মূল্যসূচক গত বুধবারের চেয়ে ৯৪ পয়েন্ট বেড়ে ৪,২৩৬ পয়েন্টে দাঁড়ায়। লেনদেনের পাঁচ মিনিটের মাথায় সূচক গত বুধবারের চেয়ে ৩৬ পয়েন্ট বাড়ে। ১০ মিনিটে বাড়ে ৫৮ পয়েন্ট। আধা ঘণ্টায় বাড়ে ৬৪ পয়েন্ট। বেলা সোয়া ১২টায় সূচক বাড়ার হার সর্বোচ্চ ১২৪ পয়েন্ট ছিল। এভাবে ঊর্ধ্বমুখী প্রবণতায় সূচকের ওঠানামা চলছিল। আজ ডিএসইতে লেনদেন হওয়া ২৫০টি প্রতিষ্ঠানের মধ্যে ১৭৯টিরই দাম বাড়ে। কমে ৬০টির আর অপরিবর্তিত ছিল ১১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ৩৭৭ কোটি টাকার লেনদেন হয়। যা গত বুধবারের চেয়ে প্রায় আট কোটি টাকা বেশি।ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: মেঘনা পেট্রোলিয়াম, যমুনা অয়েল, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লি., আরএন স্পিনিং মিলস, তিতাস গ্যাস, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লি., কেয়া কসমেটিকস, গ্রামীণফোন, সামিট পাওয়ার এবং ইউনাইটেড এয়ারওয়েজ।