সপ্তাহের শুরুতে ইতিবাচক ধারা শেয়ারবাজারে

সপ্তাহের প্রথম দিন আজ রোববার সূচকের ইতিবাচক ধারায় শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা গেছে। সেই সঙ্গে লেনদেন বেড়েছে দুই স্টক এক্সচেঞ্জেই। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, আজ ডিএসইর ডিএসইএক্স সূচক ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৯৩ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের নিম্নমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। বেলা সাড়ে ১১টার দিকে সূচক ১৩ পয়েন্ট কমে যায়। এরপর সূচক বাড়তে শুরু করে, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
ডিএসইতে আজ ২৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬৯টির দাম বেড়েছে, কমেছে ৮৬টির আর অপরিবর্তিত রয়েছে ২৩টির দাম। আজ এই স্টক এক্সচেঞ্জে ৩১৫ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে ৩৬ কোটি টাকা কম। গতকাল ৩৫১ কোটি টাকা লেনদেন হয়েছিল।
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বেড়েছে। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৩০৫ পয়েন্টে। সিএসইতে আজ ২০২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে। এর মধ্যে ৯৯টির দাম বেড়েছে, কমেছে ৮২টির আর অপরিবর্তিত রয়েছে ২১টির। সিএসইতে আজ ২৮ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে, যা গত দিনের চেয়ে দুই কোটি টাকা কম। সেদিন ৩০ কোটি টাকা লেনদেন হয়।
এ দিকে ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে ছিল আরএন স্পিনিং। আজ এই প্রতিষ্ঠানের ১৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া এনভয় টেক্সটাইল, গ্রামীণফোন, জেনারেশন নেক্সট ফ্যাশন, হেইডেলবাগ সিমেন্ট, আরগন ডেনিমস, মেঘনা পেট্রোলিয়াম, পদ্মা অয়েল, যমুনা অয়েল, তিতাস গ্যাস প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।