সপ্তাহের শুরুতে চাঙা পুঁজিবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঙাভাবের মধ্য দিয়ে সপ্তাহের প্রথম দিন পার করল দেশের পুঁজিবাজার। দুই স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচক বৃদ্ধির পাশাপাশি বেড়েছে বেশির ভাগ শেয়ারের দাম। তবে আর্থিক লেনদেন আগের দিনের চেয়ে কিছুটা কমেছে।সংশ্লিষ্টরা বলছেন, আজ বাংলাদেশ ব্যাংক ঘোষিত মূদ্রানীতির প্রভাব বাজারে লক্ষ্য করা গেছে। তাঁদের মতে, কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বাজারের জন্য ইতিবাচক মূদ্রানীতি আসবে এমন আশায় বিনিয়োগকারীদের মধ্যে আজ শেয়ার কেনার প্রবণতা বেশি ছিল। ফলে বাজার চাঙা হয়ে ওঠে।ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার লেনদেনের শুরুতে সাধারণ মূল্যসূচক বাড়লেও ১৫ মিনিটে সূচক প্রায় ২০ পয়েন্ট কমে যায়। তবে এরপর সূচক আবার বাড়তে শুরু করে, যা বাকিটা সময়ই অব্যাহত থাকে। দিন শেষে দেখা যায়, সাধারণ মূল্যসূচক ১৮৭.৬৯ পয়েন্ট বেড়ে ৭৫৭২.৬১ পয়েন্টে দাঁড়ায়। আজ লেনদেন হওয়া ২৬১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২২৫টির, কমেছে ৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে মোট তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ডিএসইতে মোট এক হাজার দুই কোটি টাকার লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে ২৮ কোটি টাকা কম। গত বৃহস্পতিবার ডিএসইতে এক হাজার ৩০ কোটি টাকার লেনদেন হয়। আজ ডিএসইর বাজার মূলধন তিন লাখ ২৮ হাজার ১১৯ কোটি টাকা।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ সাধারণ সূচক ৫০৪.৫৬ পয়েন্ট বেড়ে ২১৪৬৯.৮০ পয়েন্টে দাঁড়ায়। আজ সিএসইতে লেনদেন হওয়া ১৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৬৫টির, কমেছে ২৪টির এবং অপরিবর্তিত রয়েছে মোট ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে লেনদেনের পরিমাণ ১২৫ কোটি টাকা, যা গত বৃহস্পতিবারের চেয়ে এক কোটি টাকা কম। বৃহস্পতিবার লেনদেন হয় ১২৬ কোটি টাকার।আজ ডিএসইতে লেনদেনে শীর্ষ ১০ প্রতিষ্ঠান হলো ইউসিবিএল, এনবিএল, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, তিতাস গ্যাস, গ্রামীণফোন, পিপলস লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস, ম্যাকসন স্পিনিং, বেক্সিমকো, লঙ্কাবাংলা ফিন্যান্স ও ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড।আজ সবচেয়ে বেশি বেড়েছে আরএকে সিরামিকের শেয়ারের দাম। এ ছাড়া ডিবিএইচ প্রথম মিউচুয়াল ফান্ড, গোল্ডেন সন, মালেক স্পিনিং, ইউনাইটেড এয়ারওয়েজ, কেয়া ডিটারজেন্ট, দেশবন্ধু পলিমার, ঢাকা ডাইং, সায়হাম টেক্সটাইল ও মিরাকল ইন্ডাস্ট্রিজ দাম বৃদ্ধিতে শীর্ষ ১০-এর তালিকায় রয়েছে।আজ সবেচেয়ে বেশি কমেছে ইসলামী ইনস্যুরন্সের শেয়ারের দাম। এ ছাড়া আইসিবি প্রথম এনআরবি মিউচুয়াল ফান্ড, মুন্নু স্টাফলার, লিবরা ইনফিউশন, জুট স্পিনার্স, প্রথম আইসিবি মিউচুয়াল ফান্ড, মুন্নু জুটেক্স, বেক্সিমকো সিনথেটিক, ষষ্ঠ আইসিবি মিউচুয়াল ফান্ড ও অ্যাপেক্স স্পিনিং দাম কমে যাওয়া শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।