সপ্তাহের শুরুতে নিম্নমুখী প্রবণতায় শেয়ারবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের প্রথম দিন আজ রোববার সূচক ও লেনদেনে নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। গত বৃহস্পতিবারের ধারাবাহিকতায় আজও দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এতে সূচকের এই পতন। পাশাপাশি লেনদেনও কমেছে দুই বাজারে।

ডিএসইতে সূচক কমেছে ২৫ পয়েন্ট
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক আজ ২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪,৪১১ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। কিছুক্ষণের মধ্যে সূচক ১৩ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক নিম্নমুখী হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
বৃহস্পতিবার ডিএসইতে সূচক কমেছিল ৩০ পয়েন্ট।
ডিএসইতে আজ ২৮৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ৮১টির দাম বেড়েছে, কমেছে ১৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ২১৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন অর্থাত্ বৃহস্পতিবারের চেয়ে ৪৬ কোটি টাকা কম। আগের দিন এ বাজারে ২৬১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে লেনদেনে শীর্ষে বেক্সিমকো
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে রয়েছে বেক্সিমকো। আজ এই প্রতিষ্ঠানের ১৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া অ্যাপোলো ইস্পাত, জেনারেশন নেক্সট ফ্যাশন, গ্রামীণফোন, দ্য পেনিনসুলা চিটাগং, লাফার্জ সুরমা সিমেন্ট, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, ফ্যামিলিটেক্স, আফতাব অটো, ইউনাইটেড এয়ার প্রভৃতি।

সিএসইর সার্বিক মূল্যসূচক কমেছে ১০২ পয়েন্ট
ডিএসইর পাশাপাশি সিএসইতেও সূচক ও লেনদেন কমেছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ১০২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৫৭৫ পয়েন্টে।
সিএসইতে আজ ১৮৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ৪৫টির দাম বেড়েছে। কমেছে ১২৩টির আর অপরিবর্তিত রয়েছে ২১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইতে আজ ১৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে চার কোটি টাকা কম। বৃহস্পতিবার এই বাজারে ২৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।