সপ্তাহের শুরুতে পুঁজিবাজার নিম্নমুখী
দেশের পুঁজিবাজারে আজ রোববার সপ্তাহের শুরুতে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। দুই স্টক এক্সচেঞ্জেই আজ সূচক কমেছে। এর পাশাপাশি কমেছে লেনদেনও। তবে চাঙাভাবের মধ্য দিয়ে শুরু হয় আজকের লেনদেন।ডিএসই সূত্রে জানা যায়, চাঙাভাবের মধ্য দিয়ে আজ লেনদেন শুরু হয়। ৩০ মিনিটের মধ্যে সূচক ৬০ পয়েন্টের বেশি বেড়ে যায়। এর পর থেকে সূচক নিম্নমুখী হতে থাকে, যা সারা দিনই অব্যাহত থাকে। বিকেল তিনটায় দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৩৯.৩৭ পয়েন্ট কমে ৬,৩৪৬.৯৮ পয়েন্টে দাঁড়ায়। ডিএসইতে হাতবদল হওয়া ২৫৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১২০টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে চারটি প্রতিষ্ঠানের। ডিএসইতে আজ মোট ৭৪৩ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১১২ কোটি টাকা কম।আজ লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো বিএসআরএম স্টিল, মালেক স্পিনিং, আফতাব অটো, বেক্সিমকো, আরএন স্পিনিং, বেক্সটেক্স, এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড, তিতাস গ্যাস, অ্যাকটিভ ফাইন ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।আজ সবচেয়ে বেশি বেড়েছে মার্কেন্টাইল ইনস্যুরেন্সের শেয়ারের দাম। এ ছাড়া ইনটেক অনলাইন, আইএসএনএল, ডেফোডিল কম্পিউটারস, কে অ্যান্ড কিউ, এমবি ফার্মা, ষষ্ঠ আইসিবি মিউচুয়াল ফান্ড, বিডি কম, বিডি ওয়েল্ডিং ইলেক্ট্রডস ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন দাম বৃদ্ধিতে শীর্ষ ১০-এর তালিকায় রয়েছে।আজ সবচেয়ে বেশি কমেছে ইসলামি ব্যাংকের শেয়ারের দাম। এ ছাড়া প্রিমিয়ার লিজিং, আইবিবিএল পার্পিচুয়াল বন্ড, গ্রিনডেল্টা ইনস্যুরেন্স, রেকিট বেনকিজার, মার্কেন্টাইল ব্যাংক প্রথম মিউচুয়াল ফান্ড, সেন্ট্রাল ইনস্যুরেন্স, বিআইএফসি, ন্যাশনাল টিউবস ও নর্দার্ন ইনস্যুরেন্স দাম কমে যাওয়া শীর্ষ ১০এর তালিকায় রয়েছে।অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৯৯.০৯ পয়েন্ট কমে ১৭৭৮৫.৪৮ পয়েন্টে দাঁড়ায়। আজ সিএসইতে লেনদেন হওয়া ২০৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭৫টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে চারটি প্রতিষ্ঠানের। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ৭৬ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১০ কোটি টাকা কম।