দেশের দুই স্টক এক্সচেঞ্জে আজ রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে আর্থিক লেনদেন। তবে উভয় স্টক এক্সচেঞ্জে সূচকের বেশ ওঠা-নামা চোখে পড়েছে।বাজার-সংশ্লিষ্টরা বলছেন, পাঁচ হাজার কোটি টাকার নতুন একটি তহবিল গঠনের সিদ্ধান্তের ফলে বিনিয়োগকারীদের মধ্যে খানিকটা আশার সঞ্চার হয়েছে। এর ফলে গত কয়েক দিনের তুলনায় আজ বিনিয়োগকারীদের অংশগ্রহণ ছিল বেশি। অপরদিকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান পুঁজিবাজারে বিনিয়োগ অব্যাহত রাখায় বাজারে এর ইতিবাচক প্রভাব পড়ে।রাষ্ট্রীয় বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান পাঁচ হাজার কোটি টাকার নতুন তহবিল গঠনের সিদ্ধান্তের কথা জানান। এ ছাড়া প্রতিষ্ঠানটি পুঁজিবাজারে বিনিয়োগ অব্যাহত রেখেছে বলে জানান তিনি।ডিএসই সূত্রে জানা যায়, আজ ডিএসইতে দিনের লেনদেন শেষে সাধারণ সূচক ১০৮.৫০ পয়েন্ট বেড়ে ৫,৫৩৬.৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ সূচক বাড়ার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়, কিন্তু সূচক বাড়ার এ ধারা বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র ১০ মিনিট পরই কমতে শুরু করে। এভাবে প্রথম তিন ঘণ্টায় সূচক দ্রুত ওঠা-নামা করে। এর পর থেকে সূচক ধীরে ধীরে বাড়তে থাকে, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।আজ ডিএসইতে মোট লেনদেন হওয়া ২৫২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২১২টির, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত ছিল মোট তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ডিএসইতে আজ ৫৬৪ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে ৬৩ কোটি টাকা বেশি।আজ ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো বেক্সিমকো, বেক্সটেক্স, প্রাইম ফাইন্যান্স, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, ম্যাকসন স্পিনিং, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ইউনাইটেড এয়ারওয়েজ, আফতাব অটোমোবাইল, শাইনপুকুর সিরামিক ও গ্রামীণ ফোন।অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৩৪২.৬০ পয়েন্ট বেড়ে ১৫,৬৬৬.৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময় মোট লেনদেন হওয়া ১৮৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বাড়ে ১৫৪টির, কমে ২৭টির এবং অপরিবর্তিত ছিল পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। মোট লেনদেন হয় ৭৯ কোটি টাকার, যা গত বৃহস্পতিবারের চেয়ে চার কোটি টাকা বেশি।