সপ্তাহের শুরুতে সূচকের পতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের প্রথম দিন আজ রোববার সূচকের নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। গত বৃহস্পতিবারের ধারাবাহিকতায় আজও দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সূচক কমেছে। এ নিয়ে টানা নয় দিন সূচকের পতন হলো শেয়ারবাজারে। সূচকের পাশাপাশি লেনদেন কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। আজ ডিএসইর লেনদেন দেড় শ কোটিতে নেমে এসেছে।

ডিএসইতে ১৫০ কোটি টাকার লেনদেন
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইর ডিএসইএক্স সূচক ১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪,৩৪৪ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের নিম্নমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। শুরুতে সূচক ওঠানামা করলেও বেলা ১১টার পর থেকে আবারও নিম্নমুখী প্রবণতায় যায় সূচক, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল। গতকাল ডিএসইতে সূচক কমেছিল ৮ পয়েন্ট।
আজ ডিএসইতে ২৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৬৩টির দাম বেড়েছে, কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ১৫০ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে ২৭ কোটি টাকা কম। বৃহস্পতিবার এ বাজারে ১৭৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

সিএসইতে ১৩ কোটি টাকার লেনদেন
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৩৯৪ পয়েন্টে।
সিএসইতে আজ ২০৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৩৮টির দাম বেড়েছে। কমেছে ১৪৮টির আর অপরিবর্তিত রয়েছে ২৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইতে আজ ১৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। বৃহস্পতিবারও এই বাজারে ১৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে লেনদেনে শীর্ষে বেক্সিমকো
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে রয়েছে বেক্সিমকো। আজ এ প্রতিষ্ঠানের ১২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে গ্রামীণফোন, লাফার্জ সুরমা সিমেন্ট, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, ইউনাইটেড এয়ার, স্কয়ার টেক্সটাইল, জেনারেশন নেক্সট ফ্যাশন, পদ্মা অয়েল প্রভৃতি।