দেশের শেয়ারবাজারে স্থিতিশীলতা আনতে সরকারের নেওয়া কোনো পদক্ষেপই কাজে আসছে না। আজও রাষ্ট্রায়ত্ত চারটি প্রতিষ্ঠানকে শেয়ার কেনার নির্দেশ দেয় সরকার। তবে এর কোনো প্রভাব পড়েনি বাজারে। ফলে আজ রোববারও দরপতন ঘটে। এর ফলে দুই স্টক এক্সচেঞ্জে আজ সূচক কমার পাশাপাশি কমেছে বেশির ভাগ শেয়ারের দাম ও লেনদেন। এ নিয়ে টানা চার দিন পুঁজিবাজারে দরপতন ঘটল।ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে জানা যায়, আজ লেনদেনের শুরুতে সাধারণ মূল্যসূচক কিছুটা বাড়লেও পাঁচ মিনিটের মধ্যে ১৪০ পয়েন্টের বেশি পতন হয়। এর পর বেলা একটার দিকে সূচক কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও দিন শেষে সাধারণ সূচক ৩৩৭.৫৮ পয়েন্ট কমে ৫৪৬৩.৩৫ পয়েন্টে দাঁড়ায়।আজ ডিএসইতে লেনদেন হওয়া ২৫৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ছয়টির এবং কমেছে ২৪৯টির প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ডিএসইতে ৫০১ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে ৫৮ কোটি টাকা কম। বৃহস্পতিবার স্টক এক্সচেঞ্জটিতে ৫৫৯ কোটি টাকার লেনদেন হয়।অন্য দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক ৬২০.৬৩ পয়েন্ট বা ৫ দশমিক ৬৩ শতাংশ কমে ১৫৪১০.০৪ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে আজ লেনদেন হওয়া ১৭৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে মাত্র তিনটির এবং বেড়েছে ১৭৪টির প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এ ছাড়া সিএসইতে মোট ৭৬ কোটি টাকার লেনদেন হয়েছে।এদিকে অব্যাহত দরপতন ঠেকাতে আজও সরকার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি), সোনালি ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক ও পূবালী ব্যাংককে শেয়ার কেনার নির্দেশ দেয়। তবে বাজারে এর কোনো ইতিবাচক প্রভাব দেখা যায়নি।তবে বাজার সংশ্লিষ্টরা বলছেন, বেশ কিছুদিন ধরে চলা দরপতনে বিনিয়োগকারীদের ওপর নেতিবাচক প্রভাব পড়ায় তাঁরা ধীরে ধীরে বাজার বিমুখ হয়ে উঠছেন। আর এ কারণে তাঁরা নিজেদের কাছে অবশিষ্ট থাকা পুঁজি নিয়ে বাজার থেকে বেরিয়ে যাচ্ছেন। ফলে শেয়ার বিক্রিতে অতিরিক্ত চাপ থাকায় দরপতনের ঘটনা ঘটছে।বাজার সংশ্লিষ্টরা আরও বলেন, সরকার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান আইসিবিসহ তিন ব্যাংককে একাধিকবার শেয়ার কেনার নির্দেশ দিলেও প্রতিষ্ঠানগুলো তাদের কর্তব্য যথাযথ পালন না করায় সরকারের নির্দেশের তেমন প্রভাব ফেলছে না বাজারে। সরকারের পক্ষ থেকে বিষয়টি নজরদারি করা দরকার বলে মনে করেন তাঁরা।ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো বেক্সিমকো, প্রাইম ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, বেক্সটেক্স, গ্রামীণ ফোন, ইউনিয়ন ক্যাপিটাল, এবি ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, তিতাস গ্যাস ও বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট।