সপ্তাহের শুরুতেই পুঁজিবাজার চাঙা
সপ্তাহের প্রথম কর্মদিবসের লেনদেনে আজ রোববার দেশের পুঁজিবাজারে ছিল চাঙাভাব। আজ দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের দাম বেড়েছে। ফলে বেড়েছে সূচকও। তবে আর্থিক লেনদেন কিছুটা কম হয়েছে।ডিএসই সূত্রে জানা যায়, চাঙাভাবের মধ্য দিয়ে ডিএসইতে আজ লেনদেন শুরু হয়। বেলা পৌনে ১২টার দিকে সূচক ১৫০ পয়েন্টের মতো বেড়ে যায়। তবে দিন শেষে দেখা যায় ডিএসইর সাধারণ মূল্যসূচক ৯৪.৯০ পয়েন্ট বেড়ে ৬৪৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে আজ ২৬০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৪৪টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে আটটি প্রতিষ্ঠানের। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট এক হাজার ২৭ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে ২১ কোটি কম।ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: আফতাব অটো, বেক্সিমকো, এনবিএল, বেক্সটেক্স, বিএসআরএম স্টিল, তিতাস গ্যাস, ইউনিয়ন ক্যাপিটাল, ফু-ওয়াং সিরামিকস, গোল্ডেন সন ও যমুনা অয়েল।আজ ডিএসইতে সবচেয়ে বেশি বেড়েছে ইউনাইটেড লিজিংয়ের শেয়ারের দাম। এ ছাড়া এনবিএল, ইস্টার্ন ব্যাংক, এসিআই লিমিটেড, আরামিট, অ্যাটলাস বাংলাদেশ, প্রিমিয়ার লিজিং, এশিয়া প্যাসিফিক জেনারেল ইনস্যুরেন্স, ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ও যমুনা অয়েল দাম বৃদ্ধিতে শীর্ষ ১০-এর তালিকায় রয়েছে।আজ সবচেয়ে বেশি কমেছে অলটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম। এ ছাড়া কে অ্যান্ড কিউ, ইউনাইটেড ইনস্যুরেন্স, আনলিমা ইয়ার্ন, তাল্লু স্পিনিং, এইচআর টেক্সটাইল, আনোয়ার গ্যালভানাইজিং, সাফকো স্পিনিং, আজিজ পাইপস ও বিডি অটোকারস দাম কমে যাওয়া শীর্ষ ১০ এর তালিকায় রয়েছে।অন্যদিকে আজ সিএসইর সার্বিক মূল্যসূচক ১৬৭.২০ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৯২৫.৮৭ পয়েন্টে দাঁড়ায়। আজ সিএসইতে লেনদেন হওয়া ২০১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১০৭টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ১০২ কোটি টাকার লেনদেন হয়েছে।