সপ্তাহের শুরুতেই বড় দরপতন, বিক্ষোভ অব্যাহত
দেশের পুঁজিবাজারে আজ রোববার বড় ধরনের দরপতন হয়েছে। সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১৬৬ পয়েন্ট। সঙ্গে কমেছে লেনদেন হওয়া ২৪২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আর সিএসইর সার্বিক মূল্যসূচক কমেছে ৪৫৬ পয়েন্ট। এ দিকে দরপতনের প্রতিবাদে বিনিয়োগকারীরা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি অব্যাহত রেখেছেন।সূত্র জানায়, আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক ২ দশমিক ৭৮ শতাংশ বা ১৬৬.০৮ পয়েন্ট কমে ৫৮০০.৪২ পয়েন্টে দাঁড়িয়েছে। এ নিয়ে গত তিন দিনে ডিএসইতে সূচক কমল ২৫৫ পয়েন্ট।লেনদেনের ১০ মিনিটের মাথায় সূচক ১১ পয়েন্ট বাড়ে। তবে এর পর থেকে সূচক নিম্নগামী হতে থাকে, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।ডিএসইতে আজ হাতবদল হওয়া ২৫৯টি প্রতিষ্ঠানের মধ্যে ২৪২টিরই দাম কমেছে। বেড়েছে মাত্র ১৪টির, আর অপরিবর্তিত রয়েছে তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।স্টক এক্সচেঞ্জটিতে আজ ৩৯৬ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১০১ কোটি টাকা বেশি।লেনদেনে শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে ডিবিএইচ, বেক্সিমকো ফার্মা, তিতাস গ্যাস, বেক্সিমকো, এনবিএল, সিএমসি কামাল, লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীণফোন, মালেক স্পিনিং ও ওয়ান ব্যাংক।চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক ২ দশমিক ৭০ শতাংশ বা ৪৫৬.৬৩ পয়েন্ট কমে ১৬৪২৭.৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে হাতবদল হওয়া ১৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১৭৯টিরই দাম কমেছে। বেড়েছে মাত্র আটটির আর অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৫২ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে ১৫ কোটি টাকা বেশি।এ দিকে দরপতনের প্রতিবাদে বিনিয়োগকারীরা আজ বেলা দুইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত ডিএসইর সামনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।বিনিয়োগকারীরা এ সময় বাজারে স্থিতিশীলতা ফেরাতে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।