সপ্তাহের শুরুর লেনদেনে ডিএসইতে ব্যাপক দরপতন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্যাপক দরপতন হয়েছে। আজ রোববার লেনদেনের শুরুতেই সাধারণ সূচক কমতে শুরু করে, যা দিনভর অব্যাহত ছিল। লেনদেনের প্রথম ঘণ্টায় সূচক ১৭৭ পয়েন্ট কমে যায়। দিনের লেনদেন শেষে সাধারণ মূল্যসূচক কমেছে ৪০৬ পয়েন্ট। একই সঙ্গে কমেছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দামও।আজ ডিএসইতে লেনদেন শেষে সাধারণ মূল্যসূচক ৪০৬ দশমিক ২৮ পয়েন্ট কমে ছয় হাজার ৭১৯ দশমিক ০৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন শুরুর ১১ মিনিটে সাধারণ সূচক ৬৮ পয়েন্ট কমে যায়। এরপর দ্রুত কমতে থাকে সূচক। ১৫ মিনিট পর সাধারণ সূচক কমে যায় ১৭৭ পয়েন্ট, যা দিনভর অব্যাহত ছিল।আজ লেনদেন হয়েছে ২৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার। এর মধ্যে দাম বেড়েছে ১৩টির, কমেছে ২৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে চারটির। মোট লেনদেন হয়েছে ৭০৫ কোটি টাকার।গত সপ্তাহে ডিএসইতে সাধারণ মূল্যসূচক, বেশির ভাগ শেয়ারের দাম, লেনদেনের পরিমাণ ও বাজার মূলধন অনেক কমেছে। এ সময় সাধারণ মূল্যসূচক ২৬০ পয়েন্ট বা ৩ দশমিক ৫৩ শতাংশ কমেছে। প্রতিদিন গড়ে সূচক কমেছে ৫২ পয়েন্ট হারে। গত সপ্তাহে ডিএসইতে মোট ২৬৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ২১২টির দাম কমেছে আর মাত্র ৪৮টির দাম বেড়েছে। সপ্তাহ শেষে ডিএসইর সাধারণ সূচক কমে দাঁড়ায় সাত হাজার ১২৫ পয়েন্টে, যা সপ্তাহের শুরুতে ছিল সাত হাজার ৩৮৬ পয়েন্ট।গত সপ্তাহে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: ইউসিবিএল, এনবিএল, গ্রামীণফোন, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, তিতাস গ্যাস, বেক্সিমকো লিমিটেড, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস, ডেসকো, ইউনাইটেড এয়ারওয়েজ ও ম্যাকসন স্পিনিং।সমাপনী মূল্যের ভিত্তিতে দাম কমে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ ১০টি প্রতিষ্ঠান হলো: ইসলামি ইনস্যুরেন্স, মুন্নু জুটেক্স, ফিনিক্স ইনস্যুরেন্স, গ্রামীণ মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, কন্টিনেন্টাল ইনস্যুরেন্স, সিটি জেনারেল ইনস্যুরেন্স, মেঘনা পেট, লিগ্যাসি ফুটওয়্যার ও খুলনা পাওয়ার লিমিটেড।