সপ্তাহের শেষ কার্যদিবসে কমল সূচক ও লেনদেন

এক দিন ঊর্ধ্বমুখী প্রবণতার পর গতকাল বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে আবারও সূচক ও লেনদেন কমেছে দেশের শেয়ারবাজারে। গতকাল লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এর ফলে মূল্যসূচক কমেছে। একই সঙ্গে লেনদেনও কমেছে দুই বাজারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সূচক ৪০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪১৪৯ পয়েন্টে। এর আগে সকালে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। ঊর্ধ্বমুখী প্রবণতা ধরে রাখতে পারেনি বাজার। ফলে কিছুক্ষণের মধ্যে নিম্নমুখী হয় সূচক, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
ডিএসইতে গতকাল লেনদেন হওয়া ২৮৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১৯৫টিরই দাম কমেছে, বেড়েছে ৭৪টির আর অপরিবর্তিত রয়েছে ১৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। গতকাল এই স্টক এক্সচেঞ্জে ৬৪৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৪২ কোটি টাকা কম।
গতকাল ডিএসইতে লেনদেনে শীর্ষে ছিল ইউনিক হোটেল। এ ছাড়া মেঘনা পেট্রোলিয়াম, বিএসসিসিএল, পদ্মা অয়েল, যমুনা অয়েল, আফতাব অটো, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, স্কয়ার ফার্মা, গ্রামীণফোন, কনফিডেন্স সিমেন্ট লেনদেনের শীর্ষে উঠে আসে।
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ১৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২৮৭১ পয়েন্টে।
সিএসইতে এদিন ২০০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৪টিরই দাম কমেছে; বেড়েছে ৩৯টির আর অপরিবর্তিত রয়েছে ১৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইতে গতকাল ১০১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৩০ কোটি টাকা কম।