সপ্তাহের শেষ দিকে পুঁজিবাজারে স্থিতিশীলতা আসবে: অর্থমন্ত্রী
চলতি সপ্তাহের শেষ দিকে দেশের শেয়ারবাজারে স্থিতিশীল অবস্থা আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।অর্থমন্ত্রী বলেছেন, ‘বাজার নিয়ে সম্প্রতি যে ঘোষণা দিয়েছিলাম, সেটিই ঠিক আছে এবং সেটিই হচ্ছে। কতগুলো পক্ষকে বাজারে থাকার জন্য বলেছি। তারা আছে। আরও ইতিবাচক দিক হলো, গ্রামীণফোন ও ন্যাশনাল ব্যাংক ভালো লভ্যাংশ ঘোষণা করেছে। বাংলাদেশ ব্যাংকও কিছু বিষয়ে ছাড় দিয়েছে। বাজারে এগুলোর প্রভাব পড়া উচিত।’তবে আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি না করার পরামর্শ দিয়ে বিনিয়োগকারীদের উদ্দেশে অর্থমন্ত্রী এ-ও বলেন, ‘শেয়ারবাজার শুধু উঠলেই ভালো আর নামলেই খারাপ, এই প্রবণতাও ঠিক নয়।’ গতকাল মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশ চা সমিতির সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। বাজারে আস্থা তৈরির জন্য সম্প্রতি কিছু পদক্ষেপ নেওয়া হলেও আস্থা কি তৈরি হয়েছে—এমন প্রশ্নের জবাবে মুহিত বলেন, ‘রাতারাতি আস্থা তৈরি হবে না। এ জন্য সময়ের দরকার। প্রতি মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন বাজারের জন্য ঠিক নয়।’ মার্চেন্ট ব্যাংকগুলো শেয়ার কিনছে না বলে যে অভিযোগ উঠেছে, তা পুরোপুরি ঠিক নয় বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী। বলেন, ‘তারাও বিনিয়োগ করছে। হয়তো খুব কম। আর, প্রতি মুহূর্তে তো ব্যাংকগুলোকে ফোন করতে পারি না যে আপনারা বাজারে যান।’শেয়ার ছাড়ার জন্য বুক বিল্ডিংকে একটি ভালো পদ্ধতি উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘এখানে যেটা হয়েছে, পদ্ধতিটির যথাযথ ব্যবহার হয়নি। তাই শেয়ারের অতিমূল্যায়ন হয়েছে। তবে পদ্ধতিটির সংস্কারের কাজ চলছে। এতে কিছু নতুন বিষয় আসা উচিত।’ রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর শেয়ার ছাড়ার বিষয়ে কাল বৃহস্পতিবার আবারও একটি বৈঠক ডাকা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘শেয়ার ছাড়তে এই বৈঠকে তাদের চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হবে। এ দফায় কেউ ব্যর্থ হলে কয়েক দিন আগে তাদের যে পদত্যাগ করার কথা বলেছিলাম, সেটিই করতে হবে।’অর্থমন্ত্রী বলেন, পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে নালিশ এসেছিল, তার তদন্ত চলছে। তদন্ত শেষে যদি শাস্তি দেওয়ার কোনো বিষয় থাকে, তবেই তাদের শাস্তি দেওয়া হবে।দেশে খাদ্য মূল্যস্ফীতি দুই অঙ্কের ঘর ছাড়িয়ে গেছে স্মরণ করিয়ে দিলে অর্থমন্ত্রী বলেন, ‘মূল্যস্ফীতি বাড়ার ব্যাপারটি জানি। আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করছি। খোলা বাজারে বিক্রি (ওএমএস) বাড়াচ্ছি। চাল দিচ্ছি যথেষ্ট সস্তা দামে।’অর্থমন্ত্রী আরও বলেন, ভারতবর্ষের জিনিসপত্রের দাম যাচাই করে দেখুন। শুধু ভারত কেন, সারা বিশ্বই খাদ্য মূল্যস্ফীতির মধ্যে রয়েছে। ভুলে গেলে চলবে না যে, এটা বিশ্বায়নের যুগ। এ যুগে আমরা কোনো কিছু থেকেই বাইরে নই। কেউ কেউ বলে থাকেন, আমরা তো তত আমদানি করি না, তাহলে দাম বাড়বে কেন। বোকারাই এমন কথা বলে থাকবেন।’চা খাতের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘এদের তিন থেকে চারটি সমস্যা। ২০০৭ সালেই তাদের ৩৫ বছরের ইজারা চুক্তি শেষ হয়ে গেছে। নতুন চুক্তি কীভাবে হবে—এটা একটা বিষয়। চায়ের ক্ষেত্রে অনেক লম্বা ইজারা থাকে।’ অর্থমন্ত্রী আরও বলেন, সংসদীয় স্থায়ী কমিটি এদের ভূমি উন্নয়ন কর ১১০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করার সুপারিশ করেছে। তারা বলেছে, কর বাড়তে পারে। তবে অত বেশি যাতে না বাড়ে। অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ কালে চা সমিতির চেয়ারম্যান শাফওয়ান চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন।