সপ্তাহের শেষ দিনও পুঁজিবাজারে দরপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের শেষ কর্মদিবস আজ বৃহস্পতিবারও পুঁজিবাজারে দরপতন হয়েছে। এ নিয়ে টানা চার দিন দরপতন হলো পুঁজিবাজারে। আজ দুই স্টক এক্সচেঞ্জে সূচক কমেছে। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে।বাজার বিশ্লেষণে দেখা যায়, দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৩৯.৯৪ পয়েন্ট কমে ৬,৫৮৭.৮১ পয়েন্টে দাঁড়ায়।আজ লেনদেন শুরুর পর থেকেই সূচক দ্রুত ওঠা-নামা করতে থাকে। শুরুতেই ৬ পয়েন্ট কমে, ৩০ মিনিট শেষে সূচক ২৮ পয়েন্ট বাড়লেও বেলা ১১টা ৫০ মিনিটে সূচক ৯ পয়েন্ট কমে যায়। এরপর আবার ঊর্ধ্বমুখী হয় সূচক। দুপুর ১২টা ২০ মিনিটের পর সূচক আবার নিচের দিকে নামতে থাকে। তবে বেলা একটায় সূচক ৮ পয়েন্ট বেড়েছিল। আর সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ লেনদেন শেষ হয়।ডিএসইতে আজ লেনদেন হওয়া ২৬৪টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১২৬টির, কমেছে ১৩১টির আর অপরিবর্তিত রয়েছে সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে এক হাজার ৮০৪ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৭৭ কোটি টাকা বেশি। গতকাল লেনদেনের পরিমাণ ছিল এক হাজার ৭২৭ কোটি টাকা।ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে সামিট পাওয়ার, বেক্সিমকো, এমজেএল বিডি, যমুনা অয়েল কোম্পানি লিমিটেড, মালেক স্পিনিং, ম্যাকসন স্পিনিং, তিতাস গ্যাস, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, আরএন স্পিনিং ও ইউনাইটেড এয়ারওয়েজ।অন্যদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক ১০৮.৭১ কমে ১৮৮৬৯.৮৪ পয়েন্টে দাঁড়ায়। সিএসইতে লেনদেন হওয়া ২০০টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৯৮টির, কমেছে ৯৮টির আর অপরিবর্তিত রয়েছে চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।স্টক এক্সচেঞ্জটিতে আজ ১৯২ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১১ কোটি টাকা কম।