সপ্তাহের শেষ দিনে নিম্নমুখী সূচক, কমেছে লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের শেষ দিন আজ বৃহস্পতিবার নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) লেনদেন। লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সূচক কমেছে। পাশাপাশি লেনদেন কমেছে দুই স্টক এক্সচেঞ্জে।

ডিএসইতে সূচক কমেছে ২০ পয়েন্ট

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক আজ ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ৫৫৫ পয়েন্টে।

এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। আধা ঘণ্টায় সূচক ২২ পয়েন্ট বেড়ে যায়। এরপর নিম্নমুখী প্রবণতায় যায় সূচক, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।

ডিএসইতে আজ ২৮৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১০৯টির দাম বেড়েছে, কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসইতে আজ ৩৪৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৭১ কোটি টাকা কম। গতকাল এ বাজারে ৪১৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে লেনদেনে শীর্ষে গ্রামীণফোন

গতকালের মতো আজও ডিএসইতে লেনদেনে শীর্ষে রয়েছে গ্রামীণফোন। আজ এ প্রতিষ্ঠানের ২৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া মেঘনা পেট্রোলিয়াম, বিএসসিসিএল, মতিন স্পিনিং, লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, পদ্মা অয়েল, অ্যামারেল্ড অয়েল, হেইডেলবার্গ সিমেন্ট, গোল্ডেন সন প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।

সিএসইতে সূচক কমেছে ৪৮ পয়েন্ট

ডিএসইর পাশাপাশি সিএসইতেও সূচক ও লেনদেন কমেছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৫০ পয়েন্টে।

সিএসইতে আজ ২০২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৫৯টির দাম বেড়েছে, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ সিএসইতে ২৫ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে পাঁচ কোটি টাকা কম। গতকাল এই বাজারে ৩০  কোটি টাকার শেয়ার লেনদেন হয়।