সপ্তাহের শেষ দিনে পুঁজিবাজারে চাঙাভাব
ঈদের আগে শেষ কর্মদিবস আজ বৃহস্পতিবার পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য লেনদেন শেষ হয়েছে। দুই স্টক এক্সচেঞ্জের আজ লেনদেন হওয়া প্রায় সব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচকও অনেকখানি বেড়েছে।ডিএসই সূত্রে জানা যায়, আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক ৮০.৫১ পয়েন্ট বেড়ে ৬,২১২ পয়েন্টে দাঁড়ায়। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটের মাথায় সূচক বাড়ে ৪৭ পয়েন্ট। আর বেলা ১১টায় সূচক ৭২ পয়েন্ট বেড়ে যায়। এভাবেই দিনভর সূচক ছিল ঊর্ধ্বমুখী। ডিএসইতে হাতবদল হওয়া ২৫১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২০১টি প্রতিষ্ঠানের, কমেছে ৪৪টির, আর অপরিবর্তিত রয়েছে ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৫৪৫ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে এক কোটি টাকা বেশি।ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে—যমুনা অয়েল, তিতাস গ্যাস, লাফার্জ সুরমা সিমেন্ট, সিটি ব্যাংক, ইউনাইটেড এয়ার, ওয়ান ব্যাংক, মেঘনা পেট্রোলিয়াম, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা ও ইসলামী ব্যাংক।অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক ২২৯.৩১ পয়েন্ট বেড়ে ১৭,৬৭৩.২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে আজ হাতবদল হওয়া ১৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৫৯টির, কমেছে ২১টির আর অপরিবর্তিত রয়েছে তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।স্টক এক্সচেঞ্জটিতে আজ ৫৭ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে পাঁচ কোটি টাকা বেশি।