সপ্তাহের শেষ দিনে পুঁজিবাজারে সূচক ও লেনদেন বৃদ্ধি
সপ্তাহের শেষ দিনে আজ বৃহস্পতিবার দেশের পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা গেছে। আজ দুই স্টক এক্সচেঞ্জে বেশির ভাগ শেয়ারের দাম বাড়ায় সূচক বেড়েছে। এর পাশাপাশি দুই স্টক এক্সচেঞ্জে লেনদেনও বেড়েছে।ডিএসই সূত্রে জানা যায়, ডিএসইতে আজ সূচক বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। আট মিনিটের দিকে সূচক বাড়ে ২২ পয়েন্ট। লেনদেনের ৩৫ মিনিটের মাথায় সূচক ৬০ পয়েন্ট বেড়ে যায়। এভাবে দিনভর ডিএসইতে সূচক ছিল ঊর্ধ্বমুখী। দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৩৯.০৫ পয়েন্ট বেড়ে ৫,৮৪৭.২৬ পয়েন্টে দাঁড়ায়। ডিএসইতে ২৫৬টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১৫৭টির, কমেছে ৭৮টির ও অপরিবর্তিত রয়েছে ২১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জে আজ ৬১৬ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৭২ কোটি টাকা বেশি।আজ ডিএসইতে লেনদেন হওয়া শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে লঙ্কা-বাংলা ফাইন্যান্স, ইউসিবিএল, এমআই সিমেন্ট, এবি ব্যাংক, সিটি ব্যাংক, ওয়ান ব্যাংক, স্কয়ার ফার্মা, ফার্স্ট লিজ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, বেক্সিমকো ও পূবালী ব্যাংক।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১২৬ পয়েন্ট বেড়ে ১৬২০৯.১০ পয়েন্টে দাঁড়ায়। সিএসইতে ১৮৯টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১২৩টির, কমেছে ৫০টির ও অপরিবর্তিত রয়েছে ১৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে মোট ৭১ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে আট কোটি টাকা বেশি।