সপ্তাহের শেষ দিনে বাড়ল লেনদেন
দেশের পুঁজিবাজারে গতকাল বৃহস্পতিবার ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা গেছে। দিন শেষে দুই বাজারেই বেশির ভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছে। এর ফলে সূচক বেড়েছে। একই সঙ্গে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে।বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন নেতৃত্ব নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে প্রত্যাশার সৃষ্টি হয়েছে। গতকাল সন্ধ্যায় ডিএসইর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। ওই সভায় সংস্থাটির নতুন সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি ও সহসভাপতি নির্বাচন করা হয়। ডিএসইর নতুন নেতৃত্ব বাজারের জন্য ইতিবাচক হবে, এমন আশা করছেন বিনিয়োগকারীরা। গতকালের বাজারে এর কিছুটা প্রতিফলন ঘটেছে।ডিএসই সূত্রে জানা যায়, গতকাল দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৩২.৫৩ পয়েন্ট বেড়ে চার হাজার ৫৪৩ দশমিক ৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে।ডিএসইতে গতকাল ২৫৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৫টির দাম বেড়েছে, কমেছে ৭৯টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ৩৭১ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৫১ কোটি টাকা বেশি।দিন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: বেক্সিমকো, গ্রামীণফোন, সামিট পাওয়ার, কেয়া কসমেটিকস, তিতাস গ্যাস, ইউনাইটেড এয়ার, গোল্ডেন সন, বেক্সিমকো ফার্মা, বিএসআরএম স্টিল ও যমুনা অয়েল।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক প্রায় ১২৯ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ১০৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৯৩টি প্রতিষ্ঠানের মধ্যে ১২৩টিরই দাম বেড়েছে। কমেছে ৫০টির আর অপরিবর্তিত রয়েছে ২০টি প্রতিষ্ঠানের দাম। স্টক এক্সচেঞ্জটিতে গতকাল ৪১ কোটি টাকা লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে দুই কোটি টাকা বেশি।