সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের শেয়ারবাজারে মূল্যসূচক ও লেনদেন—দুই-ই বেড়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক গতকাল বৃহস্পতিবার প্রায় ৬০ পয়েন্ট বা ১ দশমিক ৪১ শতাংশ বেড়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক বেড়েছে ১৭৭ পয়েন্ট বা ১ দশমিক ৪৩ শতাংশ।দিনভর উত্থান-পতনের পর লেনদেন শেষে ঢাকার বাজারের মূল্যসূচক ইতিবাচক ধারায় ফিরেছে। জানা গেছে, বাজারের এই উত্থানের পেছনে গতকাল বেশ কিছু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল। সপ্তাহের শেষ দিনেও যাতে বাজারে বড় ধরনের দরপতন না ঘটে, সে লক্ষ্যে প্রতিষ্ঠানগুলো বিনিয়োগে এগিয়ে আসে। যখনই মূল্যসূচক কমতে শুরু করে, তখন পতন ঠেকাতে প্রতিষ্ঠানগুলো উল্লেখযোগ্য শেয়ার কেনে; বিশেষ করে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) অংশগ্রহণ ছিল বেশ উল্লেখযোগ্য।প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের প্রচেষ্টায় গতকাল বাজারে লেনদেনের শেষটা হয়েছে অন্য রকম। বাজারের এই আচরণে ব্যক্তিশ্রেণীর সাধারণ বিনিয়োগকারীরা কিছুটা বিস্মিত হলেও তাঁদের মধ্যে সামান্য স্বস্তি ফিরে এসেছে। শেয়ারবাজার ধসে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য সুদ মওকুফ ও আইপিওতে কোটা সংরক্ষণের ঘোষণার পরও বড় ধরনের দরপতন ঘটায় ব্যক্তিশ্রেণীর সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর প্রভাবে বাজারের লেনদেনের পরিমাণ কমে আবারও ২০০ কোটি টাকার নিচে নেমে আসে। মূল্যসূচকের পতন দিয়েই গতকাল ডিএসইতে লেনদেন শুরু হয়। প্রথম পাঁচ মিনিটে ডিএসইর সাধারণ মূল্যসূচক প্রায় ৩০ পয়েন্ট কমে যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে দর হারানো শেয়ারের সংখ্যাও বাড়তে থাকে। দুপুর ১২টায় ঢাকার বাজারে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৮৭ শতাংশেরই দরপতন ঘটে। এ সময় ডিএসইর সাধারণ মূল্যসূচক ছিল চার হাজার ২২৪ পয়েন্ট, যা ছিল সূচকের গতকালের সর্বনিম্ন অবস্থান। এরপর সূচকের তীর ঊর্ধ্বমুখী হয়। বাড়তে থাকে লেনদেন হওয়া কোম্পানির শেয়ারের দাম। ডিএসইতে গতকাল ২৫৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২২০টি কোম্পানিরই শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২৬টির আর অপরিবর্তিত ছিল সাতটির শেয়ারের দাম। দিন শেষে ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়ায় প্রায় ১৮৫ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ছয় কোটি টাকা বেশি। দিন শেষে ডিএসইর সাধারণ সূচক বেড়ে দাঁড়িয়েছে প্রায় চার হাজার ৩৪৫ পয়েন্টে। গতকাল ডিএসইর সাধারণ সূচকের সর্বোচ্চ ও সর্বনিম্ন অবস্থানের মধ্যকার ব্যবধান ছিল প্রায় ১৩২ পয়েন্টের। লেনদেনের দিক থেকে গতকাল ডিএসইতে শীর্ষ ১০ কোম্পানির তালিকায় ছিল যথাক্রমে বেক্সিমকো, গ্রামীণফোন, আরএন স্পিনিং, ইউনাইটেড এয়ার, এনসিসি ব্যাংক, পিপলস লিজিং, সিঙ্গার বিডি, এমআই সিমেন্ট, সামিট পাওয়ার ও কেয়া কসমেটিকস। সিএসইর সার্বিক মূল্যসূচক গতকাল বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১২ হাজার ৫৭২ পয়েন্টে। চট্টগ্রামের বাজারে এদিন ১৭৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ১৩৬টি কোম্পানির শেয়ারের, কমেছে ২৭টির আর অপরিবর্তিত ছিল ১০টির শেয়ারের দাম। দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় প্রায় ২৮ কোটি টাকায়, যা আগের দিনের চেয়ে প্রায় তিন কোটি টাকা বেশি।