সপ্তাহের শেষ দিনে বেড়েছে সূচক
সপ্তাহের শেষ দিন আজ বৃহস্পতিবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দিনের লেনদেন শেষে দুই বাজারেই অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচকও বেড়েছে। তবে লেনদেন কমেছে দুই স্টক এক্সচেঞ্জে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, আজ ডিএসইর ডিএসইএক্স সূচক ২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩,৯৬৭ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
ডিএসইতে আজ ২৮৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭২টির দাম বেড়েছে, কমেছে ৮৮টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
আজ এই স্টক এক্সচেঞ্জে ৩৫১ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা গতকাল বুধবারের চেয়ে ৩৩ কোটি টাকা কম। গতকাল এই বাজারে ৩৮৪ কোটি টাকার লেনদেন হয়েছিল।
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বেড়েছে। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ২৬৭ পয়েন্টে।
সিএসইতে আজ ২০৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে। এর মধ্যে ৯৫টির দাম বেড়েছে, কমেছে ৯১টির আর অপরিবর্তিত রয়েছে ১৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইতে আজ ৩০ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে পাঁচ কোটি টাকা কম। গতকাল এই বাজারে ৩৫ কোটি টাকার লেনদেন হয়।
এদিকে ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে ছিল বেক্সিমকো। আজ এই প্রতিষ্ঠানের ১৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া জেনারেশন নেক্সট ফ্যাশন, এনবিএল, ইউসিবিএল, মালেক স্পিনিং, এনভয় টেক্সটাইল, আরগন ডেনিমস, গ্রামীণফোন, অ্যাপেক্স অ্যাডেলচি ফুটওয়্যার, স্কয়ার ফার্মা প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।