সপ্তাহের শেষ দিনেও ইতিবাচক প্রবণতা শেয়ারবাজারে
সপ্তাহের শেষ দিন আজ বৃহস্পতিবার সূচক ও লেনদেনে ইতিবাচক প্রবণতায় শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে বেড়েছে সূচক। একই সঙ্গে লেনদেনেও বাড়তি প্রবণতা লক্ষ করা গেছে।
এদিকে হরতাল শেষে আজ ব্রোকারেজ হাউসগুলোতে বিনিয়োগকারীদের উপস্থিতি তুলনামূলক বেশি ছিল বলে বিভিন্ন ব্রোকারেজ হাউস সূত্রে জানা যায়। হরতাল না থাকায় আজ অনেক বিনিয়োগকারী হাউসে এসে লেনদেন সারেন। বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ায় বাজারে তার ইতিবাচক প্রভাব পড়ে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা।
ডিএসইতে ৫১৬ কোটি টাকা লেনদেন
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ ৫১৬ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৪৫ কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ৪৭১ কোটি টাকা লেনদেন হয়।
লেনদেন বাড়ার পাশাপাশি সূচকও বেড়েছে ডিএসইতে। দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,২৪১ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
ডিএসইতে আজ ২৮৯টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪২টিরই দাম বেড়েছে। কমেছে ১২৩টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইতে ৫২ কোটি টাকা লেনদেন
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ১০০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ১৭১ পয়েন্টে।
সিএসইতে আজ ২১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে। এর মধ্যে ১০৮টিরই দাম বেড়েছে; কমেছে ৯১টির আর অপরিবর্তিত রয়েছে ২০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইতে আজ লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫২ কোটি টাকা, যা গতকালের চেয়ে এক কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ৫১ কোটি টাকা লেনদেন হয়।
এদিকে ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে ছিল বস্ত্র খাতের কোম্পানি জেনারেশন নেক্সট ফ্যাশন। আজ এই প্রতিষ্ঠানের ৩১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া মেঘনা পেট্রোলিয়াম, বেঙ্গল উইন্ডসর, আরএন স্পিনিং, আল আরাফাহ ইসলামী ব্যাংক, মালেক স্পিনিং, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, তাল্লু স্পিনিং, ওয়ান ব্যাংক, ইউনাইটেড এয়ার প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।