সপ্তাহের শেষ দিনেও ঊর্ধ্বমুখী বাজার
সপ্তাহের শেষ দিন আজ বৃহস্পতিবারও ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে দেশের শেয়ারবাজারে। গতকালের ধারাবাহিকতায় আজও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচকও বেড়েছে। তবে দুই বাজারে ডিএসইর লেনদেন সামান্য কমলেও ডিএসইর লেনদেন ৮০০ কোটির ঘরে রয়েছে।
ডিএসইতে ৮৩৩ কোটি টাকার লেনদেন
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক ৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৭০২ পয়েন্টে। সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
ডিএসইতে আজ ২৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭৭টির দাম বেড়েছে, কমেছে ৯৭টির আর অপরিবর্তিত রয়েছে ২১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৮৩৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে এক কোটি টাকা কম। গতকাল এই বাজারে ৮৩৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
ডিএসইতে লেনদেনে শীর্ষ ১০ কোম্পানি
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে ছিল লংকাবাংলা ফিন্যান্স। এ ছাড়া পদ্মা অয়েল, স্কয়ার ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, মেঘনা পেট্রোলিয়াম, ইউসিবিএল, গ্রামীণফোন, কনফিডেন্স সিমেন্ট, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, লাফার্জ সুরমা সিমেন্ট প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।
সিএসইতে ৬৯ কোটি টাকার লেনদেন
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বেড়েছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ২১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৬০০ পয়েন্টে।
সিএসইতে আজ ২৩৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩৪টির দাম বেড়েছে, কমেছে ৯১টির আর অপরিবর্তিত রয়েছে ১৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ৬৯ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে তিন কোটি টাকা কম। গতকাল এই বাজারে ৭২ কোটি টাকা লেনদেন হয়।