দেশের ৫০ জন সফল নারী উদ্যোক্তা ও নতুন নারী উদ্যোক্তাদের নিয়ে এসএমই ফাউন্ডেশন গতকাল বুধবার এক মতবিনিময় সভার আয়োজন করে।এতে দেশীয় সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে পণ্য উৎপাদন, পণ্যের মানোন্নয়ন, দাম, ডিজাইনে বৈচিত্র্য আনা, নির্ধারিত সময়ের মধ্যে পণ্য সরবরাহ করাসহ বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়।প্রতিষ্ঠিত ও নতুন উদ্যোক্তাদের মধ্যে সম্পর্ক বাড়াতে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মনোয়ারা হাকিম আলী। তিনি বলেন, দেশের নারীরা এখন আর পিছিয়ে নেই। রাজনীতি, সমাজব্যবস্থা, প্রশাসন, বিচারালয় ও ব্যবসা-বাণিজ্যে অসামান্য অবদান রাখছেন তাঁরা। নারীদের উৎপাদিত এসএমই পণ্য নিয়ে শিগগিরই বিশ্ববাজারে প্রতিযোগিতায় নামা সম্ভব হবে। এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রেজওয়ানুল কবির বলেন, এসএমই নারী উদ্যোক্তাদের সব ধরনের সমস্যা সমাধানে সচেষ্ট। তিনি ফাউন্ডেশনে এসে প্রয়োজনীয় সহযোগিতা নিতে নারী উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক নূরুল কাদির, সহকারী ব্যবস্থাপনা পরিচালক ফারজানা খান বক্তব্য দেন। উদ্যোক্তাদের মধ্যে আকলিমা সুলতানা, হাফিজা মমতাজ, নাজ ফারহানা আহমাদ, ফৌজিয়া আমিন, ভিনা আহমেদ, সেলিনা কাদের, কোহিনূর পারভীন, মাশরেকা, লামিয়া, গাজী শামীমা হোসেন, নাসিরা মনসুর, আফজানা আহমেদ, মাজেদা খাতুন, লিপি খন্দকার, মাহফিজ আরা সাহেলী, রাজ্জা সুলতানা, হালিমা বেগম, নাহার, বদরুননেছা, রাশিদা আখতার, কামরুন নাহার, নুশরাত জাহান, নাজমা আরা পারভীন, আফরীন নীগার, মালিহা মান্নান, নাসিমা হক, তানজীনা কুদ্দুস, শারমীন হোসেন, পপি চৌধুরী, নীলা ইসলাম, শরমিলি খন্দকার, রুমানা আজম, রেহানা আখতার, সেলিনা আখতার, রাবেয়া খানম, কামরুন্নাহার, শিউলী খান, নূর বানু আখতার, মোরশেদা খানম, নাসরীন হোসেন, নুশরাত খান প্রমুখ উপস্থিত ছিলেন।