সফল নারীদের সম্মাননা জানাবে আইপিডিসি ফাইন্যান্স
বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সফল নারীদের সম্মাননা জানাবে দেশের বেসরকারি খাতের প্রথম আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত ‘ওমেন লিডারশিপ সামিট ২০১৭’-এ তিনটি ভিন্ন শ্রেণিতে ‘ইন্সপায়ারিং ওমেন অ্যাওয়ার্ড’ শিরোনামে এ সম্মাননা জানানো হবে।
রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে আজ বুধবার ওমেন লিডারশিপ সামিটের আয়োজন করেছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ)। সংস্থাটির ‘ওমেন ইন লিডারশিপ (ডব্লিউআইএল)’ নামের একটি উদ্যোগের ব্যানারে এ সম্মেলন আয়োজন করা হচ্ছে।
এই উপলক্ষে গতকাল মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে আইপিডিসি ফাইন্যান্সের হেড অব ব্র্যান্ড অ্যান্ড করপোরেট কমিউনিকেশন মাহজাবীন ফেরদৌস, ব্র্যান্ড ফোরামের ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম, ডব্লিউআইএলের প্রেসিডেন্ট নাজিয়া আনদালিব প্রেমা, এসিআই ফুডসের ব্যবসায় পরিচালক ফারিয়া ইয়াসমিন এবং হোটেল লা মেরিডিয়ান ঢাকার মানবসম্পদ বিভাগের পরিচালক আরমান হুদা উপস্থিত ছিলেন।
আইপিডিসি ফাইন্যান্স ওমেন লিডারশিপ সামিটের প্রধান পৃষ্ঠপোষক। এর পাশাপাশি তারা আলাদাভাবে নারীদের সম্মাননা জানাচ্ছে। ‘ইন্সপায়ারিং ফিমেল স্টার্ট-আপ’, ‘ইন্সপায়ারিং ফিমেল এন্ট্রাপ্রেনার’ এবং ‘লিডারস অব টুমরো’—এ তিনটি শ্রেণিতে সফল নারীদের সম্মাননা জানানো হবে আইপিডিসির ফাইন্যান্সের পক্ষ থেকে।
আইপিডিসি ফাইন্যান্স ‘ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড’ নামে পরিচিত ছিল। ১৯৮১ সালে এটি যাত্রা শুরু করে। বর্তমানে এটি প্রতিটি পরিবারের জন্য একটি বাড়ি, নারীর ক্ষমতায়ন, উদ্যোক্তা তৈরিসহ বিভিন্ন লক্ষ্য নিয়ে কাজ করছে।