সফল রপ্তানিকারকদের জন্য এইচএসবিসির পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে এইচএসবিসির কর্মকর্তারা
সংবাদ সম্মেলনে এইচএসবিসির কর্মকর্তারা

বাংলাদেশের সফল রপ্তানিকারকদের চতুর্থবারের মতো ‘এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ দিতে যাচ্ছে দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি)। বিগত তিন বছরের ধারাবাহিকতায় চার শ্রেণীতে এবারও পাঁচজন সফল রপ্তানিকারককে এই পুরস্কার দেওয়া হবে। গতকাল মঙ্গলবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ব্যাংকটির শীর্ষ কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছরের পুরস্কারের জন্য আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। www.hsbc.com.bd/ eea ঠিকানায় নির্ধারিত আবেদন ফরম পাওয়া যাচ্ছে। আগ্রহী ব্যক্তিরা নির্ধারিত এই ফরম পূরণ করে ৩০ জুলাই পর্যন্ত পুরস্কারের জন্য আবেদন জমা দিতে পারবেন। সংবাদ সম্মেলনে পুরস্কারের উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য দেন এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যান্ড্রু টিল্ক, করপোরেট ব্যাংকিংয়ের প্রধান মো. মাহবুবুর রহমান এবং যোগাযোগ বিভাগের প্রধান তালুকদার নোমান আনোয়ার। ব্যাংকটির কর্মকর্তারা জানান, গত তিন বছরের ধারাবাহিকতায় বছরের সেরা রপ্তানিকারক হিসেবে তৈরি পোশাকশিল্প ও টেক্সটাইলস, ইপিজেড এন্টারপ্রাইজেস, সনাতন ও উদীয়মান ক্ষেত্র এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প এই চার শ্রেণীতে পাঁচজন সেরা ব্যবসায়ীকে পুরস্কার দেওয়া হবে। তৈরি পোশাক শিল্প ও টেক্সটাইলস শ্রেণীকে আবার গ্রুপ ‘এ’ ও ‘বি’-এই দুই শ্রেণীতে ভাগ করা হয়েছে। যেসব প্রতিষ্ঠানের বার্ষিক রপ্তানি আয় পাঁচ কোটি মার্কিন ডলার বা তার বেশি সেসব প্রতিষ্ঠান ‘এ’ শ্রেণীভুক্ত হবে। আর যেসব প্রতিষ্ঠানের বার্ষিক রপ্তানি আয় পাঁচ কোটি মার্কিন ডলারের নিচে সেসব প্রতিষ্ঠান ‘বি’ শ্রেণীভুক্ত হবে। এ ছাড়া সনাতন ও উদীয়মান ক্ষেত্র এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প শ্রেণীতে ৩০ লাখ মার্কিন ডলারের বার্ষিক আয়ের রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে। এইচএসবিসির এই আয়োজনের কৌশলগত অংশীদার হিসেবে রয়েছে বাংলা দৈনিক প্রথম আলো, ডেইলি স্টার, বাংলাদেশ ব্রান্ড ফোরাম ও কেপিএমজি। অ্যান্ড্রু টিল্ক বলেন, বাংলাদেশের রপ্তানিকে উৎসাহিত করতে এ ধরনের পুরস্কারের আয়োজন করা হয়েছে। যাতে করে সব ধরনের রপ্তানিকারকেরা উৎসাহিত হন। তালুকদার নোমান আনোয়ার জানান, একজন রপ্তানিকারক চাইলে অন্য আরেকজন রপ্তানিকারকের জন্য আবেদন করতে পারবেন। আগামী সেপ্টেম্বরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।