সফল সমাপ্তি নিয়ে মিশ্র আশাবাদ, এলডিসির প্রাপ্তিযোগ শঙ্কাযুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) আওতায় দোহা আলোচনা বা বাণিজ্য সমঝোতা পর্ব নয় বছর চলার পর কোনো সফল পরিসমাপ্তি ছাড়াই ১০ম বর্ষে পদার্পণ করেছে। ১০ম বর্ষে এই পর্বের একটি গ্রহণযোগ্য সমাপ্তি টানার জন্য সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ এখন জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে কেউই জোরের সঙ্গে এটা বলতে পারছে না যে এবার একটা পরিসমাপ্তি হবে। তারা পুরো বিষয়টি নিয়ে মিশ্র আশাবাদ ব্যক্ত করেছে। এবং স্পষ্টতই অগ্রসর উন্নয়নশীল দেশগুলোর প্রতিনিধিরা আলোচনা প্রলম্বিত হওয়ার জন্য ধনী দেশগুলোকে বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্রকে দুষছেন। বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্র এখন দায় চাপাচ্ছে ভারত, চীন ও ব্রাজিলের ওপর। আর এ দুয়ের মাঝখান থেকে স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) প্রাপ্তির বিষয়টিও শঙ্কাযুক্ত হয়ে পড়েছে। সংস্থার মহাপরিচালক প্যাসকেল লামি গত মঙ্গলবার (৭ ডিসেম্বর) বলেছেন, এই পর্বের সমাপ্তি টানার জন্য এখন জোর রাজনৈতিক প্রচেষ্টা প্রয়োজন। তিনি আরও বলেছেন, ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়ে গেলেও সমঝোতার জন্য যে ২০ শতাংশ বাকি আছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।উল্লেখ্য, ২০০১ সালের নভেম্বর মাসে কাতারের রাজধানী দোহায় ডব্লিউটিওর পঞ্চম মন্ত্রিপর্যায়ের সম্মেলনে যে বহুপক্ষীয় বাণিজ্য সমঝোতার সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তা-ই দোহা সমঝোতা পর্ব নামে পরিচিত। মূলত দুটি বিষয়ে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে মতবিরোধ এই সমঝোতা পর্বকে প্রলম্বিত করছে। একটি হলো কৃষি খাতে উন্নত দেশগুলোর ভর্তুকি হ্রাস, অন্যটি হলো শিল্প পণ্যের ওপর থেকে শুল্কহার কমিয়ে আনা। জেনেভায় ডব্লিউটিওর কার্যালয়ে নিজ দপ্তরে এশিয়া ও আফ্রিকার ১০ জন সাংবাদিকের সঙ্গে গত মঙ্গলবার এক সেমিনারের অংশ হিসেবে সংক্ষিপ্ত আলোচনায় মিলিত হন এর মহাপরিচালক প্যাসকেল লামি। ডব্লিউটিওর সহযোগিতায় আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ফ্রেডরিখ-এবার্ট-স্টিফটাং এশিয়া ও আফ্রিকার সাংবাদিকদের জন্য এই সেমিনারের আয়োজন করেছে, যা ডব্লিউটিওর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।আলোচনায় লামি বলেন, ১০ বছর দীর্ঘ সময় হলেও আগের আলোচনা পর্ব বা উরুগুয়ে রাউন্ডের সঙ্গে তুলনা করলে অত দীর্ঘ মনে হবে না। কারণ, উরুগুয়ে পর্ব আট বছরে শেষ হয়েছিল। কিন্তু তখন গ্যাটের (ডব্লিউটিওর পূর্বসূরি) সদস্য সংখ্যা ছিল বর্তমানের এক-তৃতীয়াংশ আর আলোচ্য বিষয়ও ছিল এখনকার মাত্র ৪০ শতাংশ।লামি আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বহুপক্ষীয় আরও অনেকগুলো বিষয় গুরত্বপূর্ণ হয়ে ওঠায় বাণিজ্য আলোচনা কিছুটা পিছিয়ে পড়েছে। উদাহরণ হিসেবে তিনি জলবায়ু পরিবর্তনজনিত বিশ্বজনীন উদ্বেগ ও বিশ্ব আর্থিক সংকটের কথা উল্লেখ করেন।লামি জানান, ২০১১ সালের মধ্যে আমরা কোনো সমঝোতায় আসতে না পারলে তা হয়তো ব্যর্থতা হিসেবেই অভিহিত হবে। তবে এই ব্যর্থতার দায় আলোচনায় অংশগ্রহণকারী সব পক্ষেরই নিতে হবে।রাজনৈতিকভাবে জোর প্রচেষ্টা চালানোর ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, জেনেভায় প্রতিনিধিরা একটা পর্যায়ে একমত হলেও প্রতিটি সদস্য দেশের সংসদে বা আইনসভায় তা অনুমোদিত হতে হবে। এ ক্ষেত্রে সুস্পষ্টভাবে লামি মার্কিন আইন সভা কংগ্রেসের ক্ষমতার কথা উল্লেখ করে বলেন, অন্য দেশগুলোর তুলনায় মার্কিন কংগ্রেস সে দেশের আন্তর্জাতিক বাণিজ্যনীতি বিষয়ে সর্বময় ক্ষমতার অধিকারী এবং তা সাংবিধানিকভাবেই। কাজেই যুক্তরাষ্ট্র সরকার সম্মত হলেও কংগ্রেস অনুমোদন না করা পর্যন্ত সেই সম্মতি ফলপ্রসূ হবে না।একই দিন বিকেলে পৃৃথক আলোচনায় জেনেভায় মার্কিন রাষ্ট্রদূত মাইকেল পাঙ্কও একই কথা বলেন। তিনি বলেন, যদিও প্রেসিডেন্ট বারাক ওবামার সবচেয়ে অগ্রাধিকার দেওয়া বাণিজ্য বিষয়গুলোর মধ্যে দোহা পর্বের সমাপ্তির বিষয়টি রয়েছে, তবুও আমাদের নির্বাহী বিভাগের কার্যত ক্ষমতা খুব সীমিত। একমাত্র কংগ্রেস এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে। আর কংগ্রেসও যেকোনোা ভালো সমঝোতাকে সমর্থন দিতে প্রস্তুত। তবে মার্কিন যুক্তরাষ্ট্র দোহা পর্বকে আটকে দিচ্ছে বলে উন্নয়নশীল দেশগুলো যে অভিযোগ করেছে, তা তিনি নাকচ করে দেন। মাইকেল আরও বলেন, যেহেতু ভারত, ব্রাজিল ও চীন এই দরকষাকষিতে নেতৃত্ব দিচ্ছে, তাই তাদের দায়িত্বও অনেক। গরিব দেশগুলোকে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন বড় ধরনের বাজারসুবিধা দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব উন্নয়নশীল দেশেরও উচিত গরিব বা স্বল্পোন্নত দেশগুলোকে (এলডিসি) বাজারসুবিধা দেওয়া। তবে বাংলাদেশ, কম্বোডিয়া ও নেপালের মতো অল্প কয়েকটি এলডিসিকে এখনো যুক্তরাষ্ট্র কেন পূর্ণ বাজারসুবিধা না দিয়ে বরং এসব দেশ থেকে আমদানিকৃত পণ্যের ওপর উচ্চহারে শুল্ক আদায় করে চলেছে, তা জানতে চাইলে মাইকেল শুধু হংকং ঘোষণা অনুযায়ী ৯৭ শতাংশ পণ্যে সুবিধা দেওয়ার কথা উল্লেখ করেন। অবশ্য সকালে আরেক দফা আলোচনায় জেনেভায় দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত ফাইজেল ইসমাইল বলেন, উন্নয়নশীল ও উন্নত দেশগুলোর অর্থনৈতিক কাঠামোর মধ্যে পার্থক্য রয়েছে। উন্নত দেশগুলো যেসব পণ্যে বাজারসুবিধা দিয়েছে, সেগুলো তারা খুব একটা উৎপাদন করে না। কিন্তু স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলো অনেক ক্ষেত্রেই অভিন্ন পণ্য উৎপাদন করে। ফলে এলডিসিগুলোকে বাজারসুবিধা দেওয়া তাদের জন্য ঝুঁকিপূর্ণ।তবে ইসমাইল এও বলেন যে এলডিসিগুলোর দাবির প্রতি উন্নয়নশীল দেশগুলোর সমর্থন আছে। ইতিমধ্যে চীন ও ভারত বেশ কিছু পণ্যে বাজারসুবিধা দিয়েছে। এ ছাড়া ব্রাজিল আর তুরস্কও তা বিবেচনা করছে। দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত দোহা আলোচনা প্রলম্বিত হওয়ার জন্য ইউরোপ ও আমেরিকা উভয় দেশকেই দায়ী করেন। তিনি বলেন, প্রথম তিন-চার বছর ইউরোপীয় ইউনিয়ন কৃষি ভর্তুকি নিয়ে অনেক টানাটানি করেছে। ২০০৫ সালে হংকং সম্মেলনে এসে তারা একটি গ্রহণযোগ্য সমাধান দেয়। কিন্তু এরপর থেকে আমেরিকা বাধা তৈরি করছে। আর এই বাধা আসছে রাজনৈতিকভাবে। আলোচনা কবে শেষ হবে—জানতে চাইলে তিনি বলেন, ২০১১ সালে সমাপ্ত হওয়ার যথেষ্ট সম্ভাবনা তৈরি হয়েছে।