সব ইলেকট্রনিক অর্থ স্থানান্তরকে অভিন্ন ছকে আনা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন কার্ড ও মোবাইল ব্যাংকিংসহ সব ধরনের ইলেকট্রনিক অর্থ স্থানান্তরকে এক বা অভিন্ন ছকে বা ফরমে আনতে কেন্দ্রীয় ব্যাংক ‘ন্যাশনাল পেমেন্ট সুইচ’ (এনপিএস) চালু করবে। এতে পরিশোধ বা লেনদেনব্যবস্থা আরও ব্যয়সাশ্রয়ী হবে। খবর বাসসের। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এ কথা বলেছেন। গতকাল রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে সার্ক পেমেন্ট কাউন্সিলের (এসপিসি) ১২তম সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে এসপিসির চেয়ারম্যান ও পাকিস্তান কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক এনায়েত হোসেন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দাশগুপ্ত অসীম কুমার প্রমুখ বক্তব্য দেন। এনপিএস বাস্তবায়ন করা বেশ কষ্টসাধ্য উল্লেখ করে গভর্নর বলেন, দক্ষিণ এশিয়ার যেসব দেশ ইতিমধ্যে এনপিএস চালু করেছে, তাদের সঙ্গে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক অভিজ্ঞতা বিনিময় করবে। এতে এনপিএস চালু করা আরও সহজ ও দ্রুততর হবে। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে স্বয়ংক্রিয় ক্লিয়ারিং হাউস চালু করেছে। দিনব্যাপী কর্ম-অধিবেশনে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, মালদ্বীপ ও ভুটানের কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মহাব্যবস্থাপক পর্যায়ের ১৮ জন কর্মকর্তা অংশ নেন। এবারের সভায় পেমেন্ট বা পরিশোধ আইন ও বিভিন্ন বিধিবিধানের সংস্কার, নীতি-কাঠামোর উন্নয়ন ও পরিশোধব্যবস্থার অবকাঠামোসহ সার্বিক উন্নয়নের বিষয়ে আলোচনা হয়।