সব কর একত্রে দিতে চান ভোজ্যতেল ব্যবসায়ীরা
চার স্তরের পরিবর্তে এক স্তরে কর দিতে চান ভোজ্যতেল ব্যবসায়ীরা। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদও তাঁদের সঙ্গে নীতিগতভাবে একমত।
সচিবালয়ে গতকাল রোববার পণ্যের মজুত, মূল্য পরিস্থিতি, বিপণন ও পরিবেশকসংক্রান্ত জাতীয় কমিটির বৈঠকে ব্যবসায়ীরা এ দাবি জানান।
বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের উৎপাদক, আমদানিকারক, পরিবেশক, পাইকারি ও খুচরা বিক্রেতারা উপস্থিত ছিলেন।
বৈঠকে সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান বলেন, ভোজ্যতেলসহ নিত্যপণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে ব্যবসায়ীদের কর দিতে হচ্ছে চার স্তরে—যা কষ্টকর। এর প্রভাব ভোক্তা পর্যায়ে পড়ে বলে মনে করেন তিনি। তাঁর দাবি হচ্ছে, এটা এক স্তরে নিতে হবে এবং কর আদায়ের পদ্ধতি সহজ করতে হবে।
বাণিজ্যমন্ত্রী নীতিগতভাবে ফজলুর রহমানের দাবির সঙ্গে একমত পোষণ করে বলেন, করের হার বেশি হলেই বেশি কর আদায় হয় না। বরং পদ্ধতি সহজ হলে কর আদায় বাড়ে। বিষয়টি নিয়ে তিনি অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলবেন।
ট্যারিফ কমিশন সূত্রে জানা গেছে, ভোজ্যতেলের ক্ষেত্রে বর্তমানে আমদানি, উৎপাদন, বিপণন ও দোকানদার—এই চার পর্যায়ে কর নেওয়া হয়। তবে চিনির ক্ষেত্রে স্তর একটিই।
জানতে চাইলে সিটি গ্রুপের ব্যবস্থাপক (বিপণন) বিশ্বজিৎ সাহা প্রথম আলোকে জানান, ভোজ্যতেলের ক্ষেত্রে তারা আমদানি পর্যায়ে ১০ শতাংশ, উৎপাদন পর্যায়ে প্রতি টনে ৬১৬ টাকা ধরে তার ওপর ১৫ শতাংশ, বিপণন পর্যায়ে ৪ শতাংশ এবং দোকানদার পর্যায়ে ১ দশমিক ১৫ শতাংশ কর দেন।
চার স্তরের পরিবর্তে এক স্তরে করারোপ করা হলে করের হার কত হতে পারে জানতে চাইলে বিশ্বজিৎ সাহা বলেন, ১৫ শতাংশের কম নয়। মোট কথা কাজটি সহজ হবে।
ব্যবসায়ীদের দাবি মানতে সরকার রাজি থাকলেও ভোক্তারা এর সুফল কীভাবে পাবেন বা আদৌ পাবেন কি না অথবা এ ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না তা নিয়ে কোনো আলোচনা হয়নি বৈঠকে।
বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে নিত্য পণ্যের মূল্য শুধু স্থিতিশীল নয়, বরং নিম্নমুখী। কিন্তু এই স্থিতিশীলতা ও নিম্নমুখিতার কোনো সুফল সাধারণ মানুষ পাচ্ছে না কেন—বৈঠকে এ বিষয়ে ব্যবসায়ীরা নিজেরা যেমন কোনো ব্যাখ্যা দেননি, জানতে চাননি তোফায়েল আহমেদও।
ব্যবসায়ীদের পক্ষ থেকে মূল্য পরিস্থিতি স্বাভাবিক থাকার কথা বলা হলে সাংবাদিকেরা সয়াবিন তেলের ওপর করা ট্যারিফ কমিশনের সাম্প্রতিক একটি প্রতিবেদনের বিষয়ে বাণিজ্যমন্ত্রীকে অবহিত করেন। ওই প্রতিবেদনে বলা হয়, এক লিটার সয়াবিন তেল উৎপাদন ব্যয় ৮৬ টাকা হলেও বাজারে তা বিক্রি হয় ১১২-১১৬ টাকা।
বাণিজ্যমন্ত্রী এ ব্যাপারে সরাসরি কিছু বলেননি। কিছুটা এড়িয়ে বরং তিনি বলেন, এক লিটার সয়াবিনের উৎপাদন খরচ কত, বোতলের দাম কত, তা যাচাই করে দাম নির্ধারণ করতে হবে। নিত্যপণ্যের দাম কোনোভাবেই যেন অতিরিক্ত ধরা না হয়।
তোফায়েল আহমেদ বলেন, মূল্য নির্ধারণ বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ নয়। মুক্তবাজার অর্থনীতিতে উৎপাদক ও আমদানিকারকেরাই পণ্যের মূল্য নির্ধারণ করেন। তবে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করা হলে কঠোর হবে সরকার।
আমদানি করা চিনির ওপর শুল্ক বাড়ানোর ইঙ্গিত দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, চিনির শুল্ক আরেকটু বাড়ানো যায় কি না চিন্তা করতে হবে। এ সময় সরকারি চিনিকলগুলোতে এক লাখ ৪১ হাজার টন চিনি মজুত থাকার তথ্য উল্লেখ করেন তিনি।
বৈঠকে এ ছাড়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হোসেন মিঞা, এফবিসিসিআইয়ের সহসভাপতি হেলাল উদ্দিন, বাংলাদেশ চিনি পরিশোধনকারী সমিতির সহসভাপতি মোস্তফা কামাল এবং শিল্প মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, ট্যারিফ কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড ও খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।