সব ক্ষোভ এখন অ্যাকর্ড ও অ্যালায়েন্সের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মপরিবেশ উন্নয়নে ক্রেতাদের দুই জোট অ্যাকর্ড ও অ্যালায়েন্সের ধাক্কায় তৈরি পোশাকশিল্প বিপর্যস্ত। ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো বছরের পর বছর কার্যক্রম চালানোর পরিকল্পনা নিয়েছে তারা। নিত্যনতুন শর্ত দিয়ে কারখানাগুলোকে জিম্মি করছে।

রাজধানীর র‍্যাডিসন হোটেলে গত রোববার রাতে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর জরুরি সাধারণ সভায় (ইজিএম) পোশাকমালিকেরা এভাবেই অ্যাকর্ড ও অ্যালায়েন্সের বিরুদ্ধে এভাবে ক্ষোভ ঝাড়েন। সভায় সভাপতিত্ব করেন বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান। এতে সংগঠনের পাঁচ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। তাঁদের প্রত্যেকেই মনে করেন, অ্যাকর্ড-অ্যালায়েন্সের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময় এসেছে। অন্যথায় অস্তিত্ব-সংকটে পড়বে পোশাকশিল্প। যদিও রানা প্লাজার ঘটনার পরে পোশাকমালিকেরাই স্বাগত জানিয়েছিল অ্যাকর্ড ও অ্যালায়েন্সকে।

বিজিএমইএর সভাপতি বলেন, ‘সরকার ও বিজিএমইএর সঙ্গে আলোচনা না করেই অ্যাকর্ড তিন বছর সময় বাড়িয়েছে। তবে অ্যালায়েন্স বলেছে, তারা সময় বাড়াবে না। প্রয়োজনে ছয় মাস সময় বাড়তে পারে। কিন্তু সরকার ও বিজিএমইএর সঙ্গে আলোচনা ছাড়া কোনো জোটের মেয়াদ বৃদ্ধি আমরা অনুমোদন করব না।’ এ ছাড়া পোশাক রপ্তানি প্রবৃদ্ধি কমার পাশাপাশি উৎপাদন খরচ বেড়ে যাওয়া, বিজিএমইএ ভবন, তথ্যভান্ডারসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি।

সিদ্দিকুর রহমান বলেন, ‘শত শত কোটি ডলার বিনিয়োগ করে আমরা কিছু পাব না তা হবে না। সরকারের কাছে আবেদন, আমাদের বিরুদ্ধে যারা নেতিবাচক প্রচারণা চালায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিন। মূল্যস্ফীতির জন্য ডলারের বিপরীতে টাকা অবমূল্যায়ন না করলে অন্যভাবে সহায়তা দিন।’

সংগঠনের সাবেক সভাপতি আনিসুর রহমান সিনহা বলেন, ‘বিদেশি ক্রেতারা আমাদের ব্যবহার করছে। আর আমরা নিজেরা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে মরছি। আমাদের সতর্ক হতে হবে। তাদের ব্ল্যাকমেলিংয়ের মধ্যে পড়লে চলবে না।’ তিনি বলেন, অ্যাকর্ড-অ্যালায়েন্সের বিরুদ্ধে সরকার ও বিজিএমইএকে অবস্থান নিতে হবে।

এফবিসিসিআইয়ের সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন অ্যাকর্ড-অ্যালায়েন্সের উদ্দেশে বলেন, ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি হওয়ার চেষ্টা করবেন না। অনেক ঘটনা ঘটেছে। আমাদের সমস্যার সমাধান আমরাই করতে পারব।’ তিনি আরও বলেন, ‘আমাদের মধ্যে কিছু ব্যবসায়ী আছেন খুব ভিতু। তাঁরা নিজেরা বাঁচার জন্য চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত নীরবে মেনে নেন। কিন্তু একা বাঁচার স্বপ্ন দেখলে বাঁচতে পারবেন না। অনেকেই বাঁচার জন্য অস্বাভাবিকভাবে মজুরি ও সুযোগ-সুবিধা বাড়িয়ে অন্যদের জন্য বিপদ ডেকে এনেছেন।’

বিজিএমইএর সভাপতি রাত সোয়া ১০টার দিকে সভার সমাপ্তি টানতে চাইলে কয়েকজন সদস্য বক্তব্য দেওয়ার জন্য হট্টগোল করেন। তখন একজন উচ্চ স্বরে বলেন, ‘আপনারা তারকা মালিকদের কথা শুনলেন। সাধারণ সদস্যদের কথা শুনবেন না?’

পরে খন্দকার মহিবুল আকবর নামে এক কারখানামালিক বলেন, ‘কমপ্লায়েন্সের নামে কারখানা পরিদর্শন আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। অ্যাকর্ড-অ্যালায়েন্স যদি থাকে তাহলে আমাদের নেতৃত্বের জন্য কলঙ্ক হবে। আমাদের মতো গরিব দেশের জন্য উচ্চ মানসম্পন্ন কারখানার দরকার নেই। তাদের বিদায় দেওয়ার সময় এসেছে।’