সব জেলায় নারী উদ্যোক্তাদের জন্য বিপণনকেন্দ্রের সুপারিশ
মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণে সরকারিভাবে গড়ে ওঠা বিপণনকেন্দ্র ‘জয়িতা’র কার্যক্রম সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে। গত বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে ‘বাংলাদেশের প্রেক্ষাপটে এসএমইতে নারী উদ্যোক্তা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এসএমই মেলা উপলক্ষে আয়োজিত এ সেমিনারের সভাপতির বক্তব্যে এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ নারী উদ্যোক্তাদের জন্য সরকারিভাবে সব জেলায় একটি করে বিপণনকেন্দ্র গড়ে তোলার আহ্বান জানান।সেমিনারে মূল প্রবন্ধ পড়েন বাণিজ্য মন্ত্রণালয়ের ইয়ামিন আকবরী। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাশেম, এফবিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি মো. জসিম উদ্দিন, সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, পরিচালক মনোয়ারা হাকিম, বিসিকের বিলকিস বেগম, এনার্জি রেগুলেটরি কমিশনের মাহবুবা পান্না প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।