সব টাকা এনে ও শুধু ঋণ করে পুঁজিবাজারে বিনিয়োগ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজার কারসাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করা না হলে বিনিয়োগকারীদের আস্থা ফিরবে না। পুঁজিবাজারকে ঋণের বাজার বানিয়ে ফেলা যাবে না, সব টাকা এনে এখানে বিনিয়োগ করা যাবে না।দেশের শেয়ারবাজার-পরিস্থিতি নিয়ে গতকাল সোমবার গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত গোলটেবিল আলোচনায় এসব পরামর্শ তুলে ধরা হয়। রাজধানীর মহাখালী ব্র্যাক ইন সেন্টারে গতকাল সকালে প্রায় পাঁচ ঘণ্টা ধরে এ আলোচনা হয়।আলোচনা: সংলাপে কৃষি ব্যাংকের চেয়ারম্যান ও পুঁজিবাজার তদন্ত কমিটির প্রধান খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, এসইসিতে লোক নিয়োগে পেশাদারি নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, তদন্ত প্রতিবেদনে তৎকালীন এসইসির চেয়ারম্যান, একজন সদস্য ও কয়েকজন কর্মকর্তার দুর্নীতির তথ্য তুলে ধরা হলেও তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এসইসির ওই চেয়ারম্যান এখনো ওএসডি হিসেবে সরকারি চাকরিতে রয়েছেন। আর যে দুজন সদস্য সৎ ছিলেন, তাঁদের চাকরি থেকে আগে বের করে দেওয়া হয়েছে।ইব্রাহিম খালেদ বলেন, ‘তদন্ত প্রতিবেদনে অনেক ক্ষেত্রে অধিকতর তদন্তের প্রয়োজনীয়তার কথা বলা আছে। আর কিছু ব্যক্তির বিষয়ে অকাট্য তথ্যপ্রমাণও তুলে ধরা হয়েছে, যাঁদের বিরুদ্ধে ওই সব তথ্যপ্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া যায়। কিন্তু বর্তমান এসইসি কোনো কিছুই করেনি। মনে হচ্ছে, বাজারে যাঁরা শক্তিশালী, তাঁদের কাছে আমরা নত। এটি যদি হয়, তাহলে শক্তিকে শক্তি দিয়েই মোকাবিলা করতে হবে।’মির্জ্জা আজিজ বলেন, তালিকাভুক্ত কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদনের স্বচ্ছতা বাড়াতে হলে নিরীক্ষকদের জবাবদিহির আওতায় আনতে হবে। লাভ হলে খুশি আর লোকসান হলেই রাস্তায় নামবেন— বিনিয়োগকারীদের এমন আচরণ পরিবর্তনের কথা বলেন সাবেক এই উপদেষ্টা। তিনি আরও বলেন, বিনিয়োগযোগ্য সব টাকা কখনোই শেয়ারবাজারে বিনিয়োগ করা যাবে না। ঋণ নিয়েও শেয়ারবাজারে বিনিয়োগ করা ঠিক নয়।সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান তালিকাভুক্ত কোম্পানির পরিচালকদের ন্যূনতম ২ শতাংশ শেয়ার ধারণের আইনি বাধ্যবাধকতাটি পুনর্বিবেচনার কথা বলেন। তাঁর মতে, এটি পরিপালন করতে হলে অনেক ব্যাংক পরিচালককে বাড়ি-গাড়ি বিক্রি করতে হবে। কেননা, ব্যাংকের পরিশোধিত মূলধন ৬০০ থেকে ৮০০ কোটি টাকা পর্যন্ত। আবার এর অর্ধেক উদ্যোক্তাদের হাতে রয়েছে। তাই তালিকাভুক্ত অন্য কোম্পানির সঙ্গে ব্যাংক পরিচালকদের এক করে দেখা ঠিক হবে না।বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, কেন ডিএসইর একটি সদস্যপদের দাম ১০৫ কোটি টাকা হবে? কেন আরও সদস্য বাড়ানো হলো না?ডিএসইতে ২০-৩০ জন পাকা খেলোয়াড় আছেন উল্লেখ করে ফরাসউদ্দিন বলেন, তাঁরা সময়ে সময়ে তাঁদের ইচ্ছেমতো বাজার নিয়ে খেলেন। তিনি আরও বলেন, ‘কেন শিল্পের জন্য নেওয়া টাকা শেয়ারবাজারে ঢুকে পড়ল এবং সময়মতো কেন ব্যবস্থা নেওয়া গেল না? আমার সময়ে তালিকাভুক্ত কোম্পানিগুলোর অবস্থা নিয়ে নিয়মিত প্রকাশনা বের হতো। ২০০৪ সালে কেন সেটি বন্ধ করে দেওয়া হলো?’এসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, বাজারের বর্তমান অবস্থার জন্য সমন্বয়হীনতাই বড় কারণ। কদিন পরপর নানা প্রণোদনা দিয়ে বাজার বাড়ানোর উদ্যোগ থেকে বিরত থাকার পরামর্শ দেন তিনি।সরকারদলীয় সাংসদ আলী আশরাফ বলেন, পুঁজিবাজার তদন্ত কমিটির প্রতিবেদনে যাঁদের অভিযুক্ত করা হয়েছে, তাঁদের শাস্তির আওতায় আনতে হবে। ওই প্রতিবেদন নিয়ে সংসদে কোনো আলোচনা হয়নি।আশরাফ বলেন, বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতি ও রাজস্বনীতি সমন্বয়ের কাজ ফেলে এখন দারিদ্র্যবিমোচন ও ১০ টাকার ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে ব্যস্ত। আর অর্থমন্ত্রী পুঁজিবাজার নিয়ে আজেবাজে কথাবার্তা বলেন। অর্থমন্ত্রীর এ রকম ধমকাধমকি চললে এসইসি স্বাধীনভাবে কাজ করতে পারবে না।স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম বলেন, ‘শেয়ারবাজার জাতীয় উৎকণ্ঠার জন্ম দিয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এ নিয়ে সংসদে আলোচনার চেষ্টা করেও আমি পারিনি।’সংলাপে সাংসদ হাফিজ আহমেদ মজুমদার বাজারে হস্তক্ষেপের বিরোধিতা করলে মাহমুদুর রহমান মান্না প্রশ্ন রাখেন যে প্রধানমন্ত্রীর বাজারে হস্তক্ষেপ ঠিক ছিল কি না।এবিবির সভাপতি কে মাহমুদ সাত্তার বলেন, ‘এখন ৩২ লাখ বিনিয়োগকারীর জন্য সবাই উদ্বিগ্ন। আর তাঁদের রক্ষায় পাঁচ কোটি আমানতকারীকে ঝুঁকির মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। শেয়ারবাজারে যাঁরা গেছেন, তাঁরা অনেকেই প্রলুব্ধ হয়ে গেছেন। কিন্তু আমানতকারীরা তো নির্দিষ্ট মুনাফায় সন্তুষ্ট রয়েছেন। এখন নতুন করে তাঁদের টাকা নিয়ে বাজারে যাব কি না, সেটা ঠিক করতে হবে।’ডিএসইর জ্যেষ্ঠ সহসভাপতি আহসানুল ইসলাম বলেন, কেন সূচক ২ হাজার পয়েন্ট থেকে ৯ হাজারে উঠে গেল, সেটি খুঁজে বের করতে হবে। ব্যাংকগুলো এত টাকা নিয়ে বাজারে ঝাঁপিয়ে পড়ল, অথচ বাংলাদেশ ব্যাংক সময়মতো তাদের আটকাল না।আহসানুল ইসলাম বলেন, পুঁজিবাজার পুঁজির জায়গা। অথচ এটি হয়ে গেছে ঋণের বাজার। বাজারকে প্রান্তিক ঋণমুক্ত (মার্জিন) করা না গেলে দীর্ঘ মেয়াদে এটির স্থিতিশীলতা ফেরানো কঠিন।