সব ধরনের তামাকপণ্যে কর বাড়ানোর তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃহত্তর জনস্বাস্থ্য বিবেচনায় রেখে সব ধরনের তামাকপণ্যের ওপর কর বাড়ানোর সুপারিশ করা হয়েছে। বলা হয়েছে, বর্তমানে যেভাবে সিগারেটের ওপর করারোপ করা হয়েছে, তাতে বড় ধরনের ফাঁক রয়েছে। সরকারকে তা বন্ধ করতে হবে।গতকাল শনিবার ঢাকায় তামাক নিয়ন্ত্রণবিষয়ক এক সংলাপে এই অভিমত ব্যক্ত করা হয়। ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডসের সহায়তায় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার এবং ম্যানেজমেন্ট রিসোর্স ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) এই সংলাপের আয়োজন করে।সংলাপে স্বাগত ভাষণ দেন ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম। সংলাপ সঞ্চালনা করেন এপির ঢাকা ব্যুরোপ্রধান ফরিদ হোসেন। ধন্যবাদ জ্ঞাপন করেন এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক নিগার নার্গিস। বিশেষ অতিথি ছিলেন সাংসদ আসাদুজ্জামান নূর।সংলাপে বক্তারা বলেন, ধূমপান যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তা নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই। একইভাবে ধূম্র উদ্গীরণ করে না, এমন ধরনের তামাকও (যেমন—জর্দা, গুল) স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কাজেই গণমানুষের স্বাস্থ্য সুরক্ষায় অবশ্যই তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। এ জন্য কর বাড়াতেই হবে।বক্তারা আরও বলেন, যে ২৫ লাখ বিড়িশ্রমিকের দোহাই দেওয়া হয়, তা বিকৃত তথ্য। প্রকৃত বিড়িশ্রমিকের সংখ্যা অনেক কম। আর যে নারী ও শিশুরা এই বিড়িশিল্পে জড়িত, তারা কোনো পারিশ্রমিকই পায় না। অথচ তাদের স্বাস্থ্যঝুঁকি অনেক বেশি।বক্তারা কেউ কেউ এমনও বলেন যে সরকার রাজস্ব বাড়াতে চায়। সে জন্য মোবাইল ফোনের লাইসেন্স নবায়ন থেকে এক হাজার ৪০০ কোটি টাকা আদায়ের উদ্যোগ নেওয়া হয়েছে, যা এই খাতকে ধ্বংসের মুখে ফেলবে। অথচ বিড়ি-সিগারেটসহ যাবতীয় তামাকের ওপর কর বাড়িয়ে একদিকে যেমন ১০ হাজার কোটি টাকার বেশি রাজস্ব আদায় সম্ভব, অন্যদিকে সম্ভব হাজার মানুষের প্রাণ রক্ষা করা, স্বাস্থ্যঝুঁকি থেকে তাদের মুক্ত রাখা।বক্তারা দেশি-বিদেশি বিভিন্ন সিগারেট কোম্পানির কুশলী প্রচারণার বিষয়েও নীতিনির্ধারকদের সতর্ক থাকার পরামর্শ দেন। তাঁরা বলেন, ভারত বা থাইল্যান্ডে সিগারেটের দাম বাংলাদেশের চেয়ে অনেক বেশি। কাজেই কর বাড়ালে চোরাই পথে বাইরের সিগারেট চলে আসবে, এমন যুক্তি গ্রহণযোগ্য নয়।কেউ কেউ আরও বলেন, নিম্ন আয়ের মানুষ কম দামি বিড়ি-সিগারেট খায়। কাজেই এসব কম দামি বিড়ি-সিগারেটেও কর বাড়াতে হবে, যেন তা ক্রয়ক্ষমতার বাইরে থাকে।আলোচনায় অংশ নেন সাবেক উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম ও এম এ মালিক, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ, উবিনীগের নির্বাহী পরিচালক ফরিদা আখতার, অরূপ রতন চৌধুরী, এম ইমামুল হক, অনন্য রায়হান, নাজমুল হক, মাহবুব জামান, ফজলুল হক, ইকবাল কবির, তানজিব-উল-আলম, তাইফুর রহমান, শাহরিয়ার খান প্রমুখ।