পুঁজিবাজারে নিবন্ধিত সব ধরনের মিউচুয়াল ফান্ড এখন থেকে রি-ইনভেস্টমেন্ট বা পুনর্বিনিয়োগের আওতায় বোনাস লভ্যাংশ ঘোষণা করতে পারবে। পাশাপাশি আগের নিয়মে নগদ লভ্যাংশ ঘোষণারও সুযোগ থাকছে তাদের জন্য। এমনকি এখন থেকে মিউচুয়াল ফান্ডের ব্যবস্থাপকেরা চাইলে বোনাস ও নগদ উভয় ধরনের লভ্যাংশ ঘোষণা করতে পারবে। তবে ঘোষিত লভ্যাংশের পরিমাণ ওই ফান্ডের বার্ষিক মুনাফার ন্যূনতম ৭০ শতাংশ হতে হবে। গতকাল বুধবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ-সংক্রান্ত বিধি সংশোধনের মাধ্যমে বিষয়টি স্পষ্ট করেছে। গতকাল লেনদেন শুরুর আগে কমিশনের মুলতবি সভায় সংশোধিত বিধিটি অনুমোদন করা হয়। দাপ্তরিক কার্যক্রম শেষে তাৎক্ষণিকভাবে সেটি বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রত্যেক মিউচুয়াল ফান্ড বার্ষিক হিসাব সমাপ্ত হওয়ার পর প্রতিটি ফান্ডের বা স্কিমের বিপরীতে ওই ফান্ডের ইউনিটধারীদের মধ্যে বোনাস বা নগদ লভ্যাংশ কিংবা উভয় ধরনের সুবিধা ঘোষণা করতে পারবে। কমিশনের নিবন্ধিত সব মেয়াদি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এ বিধান প্রযোজ্য হবে। তবে যেসব বর্ধিষ্ণু ফান্ডের প্রকৃতি ও সম্ভাবনা সম্পর্কে বিনিয়োগকারীদের শুরুতে জানানো হয়েছিল, সেসব ফান্ডের বেলায় ঘোষিত লভ্যাংশ ওই ফান্ডের বার্ষিক মুনাফার ৫০ শতাংশের কম হতে পারবে না। চলতি বছরের মার্চে বিএসইসি মিউচুয়াল ফান্ড বিধিমালা, ২০০১ সংশোধন করে। তাতে লভ্যাংশ বিতরণ ও এর সীমা সম্পর্কে বলা হয়, ফান্ডের ‘তথ্যকণিকা (প্রসপেক্টাস) বা অফার ডকুমেন্টে উল্লেখিত লভ্যাংশ বিতরণসংক্রান্ত ঘোষণা’ অনুযায়ী নগদ বা বোনাস লভ্যাংশ ঘোষণা করতে পারবে। এই সংশোধনীর পর বোনাস লভ্যাংশ ঘোষণার বিষয়টি নিয়ে একধরনের জটিলতা তৈরি হয়। এরই পরিপ্রেক্ষিতে বিএসইসির পক্ষ থেকে জটিলতা নিরসনে আইনজ্ঞের মতামত নেওয়া হয়। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা (অ্যাটর্নি জেনারেল) ও কোম্পানি আইন বিশেষজ্ঞ এম জহিরের (সদ্য প্রয়াত) কাছ থেকে আইনি পরামর্শ নেয় কমিশন। এদিকে গতকালের সভায় ‘গবেষণা বিশ্লেষণ বা রিচার্স অ্যানালাইসিস’ বিধি ২০১৩-এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে শেয়ার কেনাবেচায় সরাসরি মতামত দেওয়ার বিষয়টি আইনি ও প্রাতিষ্ঠানিক ভিত্তি পেল।