সব পক্ষের মত নিয়ে মূসক আইনের খসড়া চূড়ান্ত করবে এনবিআর
প্রস্তাবিত নতুন মূল্যসংযোজন কর (মূসক) আইনের খসড়ার ওপর স্বার্থসংশ্লিষ্ট সব পক্ষের মতামত নেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার এনবিআরের সদস্য ও কমিশনারসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে আলোচনা করা হবে। এনবিআর সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। এনবিআর সূত্রে জানা গেছে, এরপর প্রধান মূসকদাতা হিসেবে বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীর মতামত নেওয়া হবে। আগামী অক্টোবর মাসে এই বৈঠক হতে পারে। এ ছাড়া অর্থনীতিবিদ, বিশেষজ্ঞ ও দাতা সংস্থাগুলোর মতও নেওয়া হবে। সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নিয়ে আইনটির চূড়ান্ত খসড়া তৈরি করা হবে।ইতিমধ্যে মূসক আইনের খসড়াটি বাংলা ও ইংরেজি দুই ভাষায় এনবিআরের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। যে কেউ ওয়েবসাইটের মাধ্যমে আইনটির ওপর মতামত দিতে পারবেন। এনবিআরের একটি দায়িত্বশীল সূত্র বলছে, জাতীয় সংসদের আগামী শীতকালীন অধিবেশনে আইনটি অনুমোদনের জন্য উঠতে পারে। গত বাজেট অধিবেশনেই আইনটি পাস হওয়ার কথা ছিল। কিন্তু ব্যবসায়ীদের আপত্তির মুখে তা সম্ভব হয়নি। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ (আইএমএফ) বিভিন্ন দাতা দেশ ও দাতা সংস্থা সরকারকে নতুন মূসক আইন প্রণয়নের চাপ দিয়ে আসছে। আর আইএমএফ চায় আগামী ডিসেম্বরের মধ্যে আইনটি জাতীয় সংসদে পাস হোক। আইএমএফের একটি প্রতিনিধিদল সম্প্রতি ঢাকা সফরে এসে এমন আশা প্রকাশ করেছে। খসড়া আইনে যা আছে: ২১টি অধ্যায়ে ১৯৪টি ধারা সন্নিবেশিত রয়েছে প্রস্তাবিত মূসক আইনে। এসব অধ্যায়ে মূসকের নিবন্ধন-প্রক্রিয়া, মূসক আরোপ, আমদানি পর্যায়ে মূসক, সরবরাহ পর্যায়ে মূসক, মূসক নির্ধারণের কৌশল, মূসক রেয়াত পদ্ধতি, দণ্ড, সম্পূরক শুল্ক ও টার্নওভার ট্যাক্সসহ বিভিন্ন বিষয়ে জোর দেওয়া হয়েছে। এ ছাড়া মূসক আইনের খসড়া অনুযায়ী কোনো ব্যক্তি মূসক আরোপযোগ্য হওয়ার পরও এ ব্যাপারে নিবন্ধন না নিলে তাকে জেল-জরিমানা করার বিধান রাখা হয়েছে। তবে এসব দণ্ড জরিমানার বিধান করা হয়েছে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী। মূসক ফাঁকির ক্ষেত্রে জরিমানা সর্বনিম্ন অর্ধেক থেকে দেড় গুণ করার প্রস্তাব করা হয়েছে। এমনকি পাঁচ বছরের জেল দণ্ডের বিধানও রাখা হয়েছে। এ ছাড়া খসড়া অনুযায়ী মূসক কর্মকর্তারা কোনো ব্যবসায়ীর কাছে গিয়ে মূসক নিবন্ধন দেখতে চাইতে পারবেন। ওই ব্যবসায়ী যদি মূসক নিবন্ধন সনদপত্র দেখাতে না পারেন, তবে তাকে ৫০ হাজার টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত জরিমানা করার ক্ষমতা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের। এমনকি ছয় মাস পর্যন্ত জেল দেওয়ার বিধানও রাখা হয়েছে। তবে গ্রেপ্তারি ক্ষমতা বিলোপের প্রস্তাব করা হয়েছে প্রস্তাবিত আইনে। মূসক বিবরণী জমা না দিলে স্বয়ংক্রিয়ভাবে ২৫ হাজার টাকা জরিমানার প্রস্তাব করা হয়েছে খসড়ায়। এ ক্ষেত্রে সর্বোচ্চ এক বছর জেল দণ্ডের বিধানও রাখা হয়েছে। খসড়ায় কোনো করদাতার বিরুদ্ধে মূসক ফাঁকির অভিযোগ থাকলে তাঁর ব্যাংক হিসাব জব্দ করার ক্ষমতা রাখা হয়েছে, যা বিদ্যমান আইনে নেই। এ ছাড়া করদাতাদের ভ্যাট অনার কার্ড দেওয়ার প্রস্তাব করা হয়েছে। বর্তমান সর্বোচ্চ পরিমাণে মূসক প্রদান কিংবা দীর্ঘ সময়ের মূসকদাতাকে এ ধরনের বিশেষ কার্ড দেওয়ার বিধান নেই।