ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সব পদে সরাসরি ভোটের ব্যবস্থা করার দাবি করেছেন সংগঠনটির সাধারণ পরিষদের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার সংগঠনটির ২০১৫-১৬ অর্থবছরের বার্ষিক সভায় বেশ কয়েকজন সদস্য তাঁদের বক্তব্যে এ দাবি করেন। পাশাপাশি সভায় সাধারণ পরিষদের সব সদস্যের নাম দিয়ে কিছু প্রস্তাব তুলে ধরা হয়, যার মধ্যে প্রথমটি ছিল সরাসরি ভোট।
সভাপতির বক্তব্যে আবদুল মাতলুব আহমাদ এফবিসিসিআইয়ের সংস্কার নিয়ে বলেন, এ বিষয়টি বর্তমান পরিচালনা পর্ষদ সর্বোচ্চ অগ্রাধিকারমূলক কার্যক্রম হিসেবে গ্রহণ করেছে। সংস্কারের জন্য এফবিসিসিআই একটি কমিটি গঠন করেছে। সরকারের পক্ষ থেকেও একটি কমিটি গঠন করা হয়েছে। উভয় কমিটি সংস্কার বিষয়ে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। আশা করা যায়, উভয় কমিটির যৌথ সহযোগিতায় সংস্কার বিষয়ে একটি ইতিবাচক ফলাফল পাওয়া যাবে।
রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে অনুষ্ঠিত এ সভায় সংগঠনটির সহসভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনসহ পরিচালক ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। এ সভায় সংগঠনটির ২০১৫-১৬ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন পেশ ও গ্রহণ করা হয়। সংগঠনটি জানায়, আলোচ্য বছরে তারা প্রায় ৭ কোটি ৫৯ লাখ টাকা আয় করেছে। অন্যদিকে ৭ কোটি ৮৪ হাজার টাকা ব্যয় করেছে। ফলে উদ্বৃত্ত আয়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫৮ লাখ টাকা।
এফবিসিসিআই দেশের ৮১টি চেম্বার ও ৩৮২টি পণ্যভিত্তিক অ্যাসোসিয়েশনের যৌথ সংগঠন। এসব সংগঠনের ২ হাজার ২৩০ জন সদস্য গত নির্বাচনে এফবিসিসিআইয়ের ভোটার ছিলেন। সংগঠনটির মোট ৫২টি পরিচালক পদের মধ্যে ৩২টি পদে তাঁরা ভোট দিয়ে নেতা নির্বাচন করতে পারেন। বাকি ২০টি পরিচালক পদ হয় মনোনীত। অন্যদিকে নির্বাচিত ও মনোনীত পরিচালকেরা ভোট দিয়ে সভাপতি ও দুজন সহসভাপতি নির্বাচিত করেন। তবে দীর্ঘদিন ধরে সভাপতিসহ সব পদে সরাসরি নির্বাচনের দাবি আছে।
সাধারণ সভায় এ দাবির বিষয়ে জানতে চাইলে মাতলুব আহমাদ প্রথম আলোকে বলেন, ‘সরাসরি ভোট আমিও চাই। এটা আমার নির্বাচনী অঙ্গীকার ছিল।’
সভাপতির বক্তব্যে মাতলুব আহমাদ আলোচ্য বছরে দেশের অর্থনীতির পরিস্থিতি, এফবিসিসিআইয়ের কার্যক্রম এবং সংস্থাটির কার্যালয়ের সক্ষমতা বাড়ানোসহ বিভিন্ন ক্ষেত্রে বর্তমান পরিচালনা পর্ষদের কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার একটি অন্যতম সম্ভাবনাময় দেশ হিসেবে ২০১৬ সালে বাংলাদেশ উচ্চতর প্রবৃদ্ধির পাশাপাশি উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি অর্জন করেছে, যা বেসরকারি খাতকে যথাযথভাবে বিকশিত করতে সহায়তা করেছে। অপরদিকে দেশের অবকাঠামো উন্নয়নে সরকারের অগ্রাধিকার কার্যক্রম বাস্তবায়নের পথে থাকায় তা বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মাতলুব আহমাদ দেশের অর্থনীতির পরিস্থিতি নিয়ে বলেন, ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশ মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৬ শতাংশ প্রবৃদ্ধির চক্র থেকে বেরিয়ে ৭ দশমিক ১১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে। এ অর্থবছরে মাথাপিছু আয় দাঁড়িয়েছে ১ হাজার ৪৬৫ মার্কিন ডলার। রপ্তানি আয় হয়েছে ৩ হাজার ৪২৪ কোটি ডলার। তিনি বলেন, দেশের সামগ্রিক উন্নয়নে প্রয়োজনীয় নিয়ন্ত্রণগত বাধা, প্রযুক্তিগত উন্নয়ন, বিকল্প বিরোধ নিষ্পত্তি, প্রকল্প গ্রহণ ইত্যাদি কার্যক্রম দ্রুত বাস্তবায়নে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে সেতুবন্ধ তৈরির জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও এফবিসিসিআইয়ের সমন্বয়ে সরকারি-বেসরকারি ফোরাম গঠন করা আবশ্যক।
এদিকে সাধারণ সদস্যদের নাম দিয়ে সাধারণ সভায় যে প্রস্তাব তুলে ধরা হয়েছে তাতে প্রয়োজনীয় সংশোধন করে আগামী অর্থবছর থেকে মূল্য সংযোজন কর (মূসক) আইন বাস্তবায়ন, প্যাকেজ মূসক বহাল রাখা এবং ট্রেড লাইসেন্সের ফি, কম দামি রুটি-বিস্কুট, পাদুকা ও পিভিসি পাইপের ওপর আরোপিত মূসক অব্যাহতি দাবি করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে মূসক নিয়ে আন্দোলনরত ব্যবসায়ী ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক আবু মোতালেব প্রথম আলোকে বলেন, মূসক-সংক্রান্ত দাবিতে অনেকেই বক্তব্য দিয়েছেন। সাধারণ ব্যবসায়ীরা সবাই এর পক্ষে।