সব পোশাকশ্রমিক ঈদ বোনাস পাননি
সরকারের নির্দেশনা থাকার পরও তৈরি পোশাকশিল্পের সব মালিক গতকাল সোমবারের মধ্যে শ্রমিকদের ঈদ বোনাস বা উৎসব ভাতা পরিশোধ করেননি। অবশ্য কত শতাংশ কারখানা ভাতা দিয়েছে কিংবা দেয়নি, সেই হিসাব পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ, শ্রমিকনেতা এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর জানাতে পারেনি।
বিজিএমইএ ৫১৯টি পোশাক কারখানা পরিদর্শন করে গতকাল জানিয়েছে, ৮২ শতাংশ কারখানা উৎসব ভাতা দিয়ে দিয়েছে। আর গত মাসের বেতন দিয়েছে ১১ শতাংশ কারখানা। ১০ কারখানায় বেতন-ভাতা দেওয়া নিয়ে সমস্যা থাকলেও ৮টি সমাধান করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বিজিএমইএর সহসভাপতি মাহমুদ হাসান খান গত রাতে প্রথম আলোকে বলেন, ‘অনেকে একসঙ্গে বেতন-ভাতা দিয়ে ছুটি দেবে। সে জন্য হয়তো দেয়নি। তবে আপাতত বেতন-ভাতা নিয়ে তেমন কোনো সমস্যা নেই। আজ (গতকাল) ১৫-২০টি কারখানা বেতন-ভাতা দিয়ে ছুটি দিয়ে দিয়েছে। কারণ, তাদের বর্তমানে ক্রয়াদেশ নেই।’
গত বৃহস্পতিবার শ্রম মন্ত্রণালয়ের ক্রাইসিস ম্যানেজমেন্ট কোর কমিটির সভায় সিদ্ধান্ত হয়, পোশাকশিল্পসহ সব খাতের শ্রমিকদের ৫ সেপ্টেম্বরের মধ্যে ঈদ বোনাস এবং ১০ সেপ্টেম্বরের মধ্যে গত মাসের বেতন ও ওভারটাইম দেবেন সংশ্লিষ্ট শিল্পমালিকেরা। সভা শেষে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক সাংবাদিকদের এমনটা জানান।
অবশ্য একাধিক শ্রমিকনেতা দাবি করেছেন, সরকার-ঘোষিত সময়ের মধ্যে ৬০ শতাংশ কারখানা শ্রমিকের উৎসব ভাতা দিয়েছে। তাঁরা বলেছেন, যেসব কারখানা ভাতা দিয়েছে, সেগুলোর বেশির ভাগই বড় কারখানা। মাঝারি আকারের কারখানাগুলো শ্রমিকের উৎসব ভাতা আজ বা কাল দিতে পারে।
জানতে চাইলে বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম বলেন, তৈরি পোশাকশিল্পের মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর সদস্য কারখানার অনেকে ভাতা দিয়েছে। তবে তাদের সদস্য নয়, এমন কারখানাগুলো এখনো দেয়নি। আদৌ দেবে কি না, তা অনিশ্চিত।
পোশাক কারখানাগুলোতে বেতন-ভাতা নিয়ে সমস্যা হচ্ছে কি না, সে বিষয়ে তদারক করে শিল্প পুলিশ। জানতে চাইলে শিল্প পুলিশের মহাপরিচালক (ডিজি) আবদুস সালাম বলেন, গত রোববার পর্যন্ত ৬০ শতাংশ কারখানার কর্তৃপক্ষ শ্রমিকদের উৎসব ভাতা দিয়েছে। গতকাল পর্যন্ত কত কারখানা ভাতা দিয়েছে, সেই হিসাব আজ মঙ্গলবার পাওয়া যাবে বলে জানান তিনি।