সব বিভাগীয় ও ১১টি জেলা শহরে ১৬ সেপ্টেম্বর আয়কর মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সাতটি বিভাগীয় ও ১১টি জেলা শহরে ১৬ সেপ্টেম্বর থেকে আয়কর মেলা শুরু হচ্ছে। এবারের মেলার উদ্দেশ্য হলো, করদাতাদের অনলাইনে আয়কর প্রদানে উৎসাহিত করা। বিভাগীয় শহরগুলোতে এই মেলা চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। আর জেলা শহরগুলোতে চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। এই মেলায় করদাতারা তাৎক্ষণিকভাবে আয়কর বিবরণী জমাসহ করদাতা শনাক্তকরণ (টিআইএন) নিতে পারবেন।এবারের মেলায় এক লাখ করদাতা রিটার্ন দাখিল করবেন এবং এভাবে প্রায় ৫০০ কোটি টাকার রাজস্ব আয় হবে বলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এনবিআর।জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে। ঢাকায় বেইলি রোডের অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে এনবিআরের চেয়ারম্যান নাসিরউদ্দীন আহমেদ, সদস্য এম এ কাদের সরকার, সৈয়দ আমিনুল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে মেলার পাশাপাশি ১৫ সেপ্টেম্বর জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে জাতীয় আয়কর দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে এনবিআরের কর্মকর্তারা জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগীয় শহরে আয়কর মেলা অনুষ্ঠিত হবে। আর ১১টি বড় জেলা শহরে প্রথমবারের মতো আয়কর মেলার আয়োজন করবে আয়কর বিভাগ। জেলাগুলো হলো: ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, দিনাজপুর, যশোর, পটুয়াখালী, ফরিদপুর, পাবনা, বগুড়া, কুষ্টিয়া ও গাজীপুর। সংবাদ সম্মেলনে জানানো হয়, গতবারের মতো এবার ৩৬০ জন আয়করদাতাকে বিশেষ সম্মাননা দেওয়া হবে। প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় তিনজন সর্বোচ্চ করদাতা ও দুজন দীর্ঘ সময় ধরে কর দেন এমন করদাতাকে আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট, ক্রেস্ট ও কার্ড প্রদান করা হবে। মেলা সম্পর্কে সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজধানীতে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মেলা চলবে। এখান থেকে নতুন করদাতারা টিআইএন ও প্রত্যয়নপত্র নিতে পারবেন। আর করদাতারা মেলা প্রাঙ্গণেই আয়কর বিবরণী জমা ও কর দিতে পারবেন। এ জন্য সোনালী ও জনতা ব্যাংকের বিশেষ বুথ থাকবে। আর যাঁরা অনলাইনে আয়কর বিবরণী জমা ও কর পরিশোধ করতে চান, তাঁদের জন্য বিশেষ সুবিধাসংবলিত বুথ থাকবে। আয়কর বিবরণী প্রস্তুত, টিআইএন ফরম পূরণ করাসহ যাবতীয় তথ্য প্রদান ও সহায়তা করতে মেলায় এনবিআরের সহায়তা ডেস্ক থাকবে।এ ছাড়া জাতীয় আয়কর দিবসে বিশেষ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হবে। ওই দিন সকাল ১০টা থেকে বিকেলপাঁচটা পর্যন্ত রাজধানীর ৫০টি স্থানে বিশেষ তথ্য ক্লিনিক চালু থাকবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এনবিআরের চেয়ারম্যান নাসিরউদ্দীন আহমেদ বলেন, কর প্রদানে করদাতাদের উৎসাহিত করতে এনবিআর এখন পর্যন্ত যেসব উদ্যোগ নিয়েছে, তা পর্যাপ্ত নয়। ইতিমধ্যে কর আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এনবিআরে জনবল বৃদ্ধি করা হচ্ছে। এ ছাড়া পর্যায়ক্রমে কর ব্যবস্থাপনা স্বয়ংক্রিয় করা হচ্ছে। এম এ কাদের সরকার জানান, গত বছর ঢাকার মেলায় ৭৫ হাজার দর্শনার্থীকে আয়করসংক্রান্ত সেবা প্রদান করা হয়েছে। এবার প্রচার-প্রচারণার জন্য জেলা শহরেও মেলার আয়োজন করা হয়েছে। করদাতারা এনবিআরে আসবেন না, করদাতাদের কাছে এনবিআর যাবে, এমন ধারণা থেকেই মেলার আয়োজন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। জানা গেছে, গত বছর দেশের বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত আয়কর মেলায় প্রায় ৬৪ হাজার করদাতা তাঁদের আয়কর রিটার্ন দাখিল করেন। এ থেকে প্রায় ৪০০ কোটি টাকার রাজস্ব পায় এনবিআর।