সব বিভাগে একটি করে জেলা বাজেট ঘোষণার দাবি
দেশের সাতটি বিভাগে একটি করে জেলায় পৃথক জেলা বাজেট ঘোষণার দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাজেট আন্দোলনের দিনাজপুর জেলা কমিটি।জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরীর মাধ্যমে গতকাল সোমবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে দেওয়া এক স্মারকলিপিতে সংগঠনটি এই দাবি জানায়।এর আগে তারা জেলা কালেক্টরেটের সামনে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় বক্তব্য দেন শিক্ষাবিদ অধ্যাপক মো. ছফর আলী, জেলা বেসরকারি শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি মো. শফিকুল ইসলাম, সমাজসেবী মেহেরুল্লাহ বাদল, ব্যাংকার আকতারুল আলম, সফিকুল ইসলাম, সাংস্কৃতিক কর্মী রবিউল আউয়াল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার, সাংবাদিক আনিস হোসেন ও জাসদের নেতা মো. সহিদুল ইসলাম।সংগঠনটি আগামী ২০১৩-১৪ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণাকালে টাঙ্গাইলের জন্য পৃথক ‘জেলা বাজেট’ করার অর্থমন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানিয়েছে।এদিকে জেলা পরিষদের প্রশাসক সাংবাবিদকদের জানান, তিনি স্মারকলিপিটি অর্থমন্ত্রীর কাছে পাঠাবেন। গণতান্ত্রিক বাজেট আন্দোলনের জেলা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ প্রথম আলোকে জানান, তাঁদের এই আন্দোলনের প্রধান দাবি হলো আমলাতন্ত্র নয়, বাজেট তৈরি করবে জনগণ। জাতীয় বাজেটে কোনো জেলার মানুষের মতামত নেওয়া হয় না, আমলারা তা তৈরি করেন। এতে জেলাগুলোর জন্য সমান বরাদ্দ থাকে না।