সব ব্যাংককেই বিল ও বন্ড কিনে সরকারকে ঋণ দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন থেকে সব তফসিলি ব্যাংককেই সরকারি সিকিউরিটিজ বা ট্রেজারি বিল ও বন্ডে বাধ্যতামূলকভাবে বিনিযোগ করতে হবে। এর মানে হলো, সব ব্যাংকই সরকারের চাহিদার বিপরীতে ঋণ জোগান দেবে।তবে সরকারের চাহিদার ৬০ শতাংশ সরবরাহ করতে হবে প্রাইমারি ডিলার (পিডি) ব্যাংকগুলোকে। বর্তমানে পিডির সংখ্যা ১২। বাকি ৪০ শতাংশ দিতে হবে অন্য ব্যাংকগুলোকে। যার সংখ্যা ২৫। সরকারকে ঋণ দেওয়ার কারণে এসব ব্যাংকও পিডি ব্যাংকের মতো কেন্দ্রীয় ব্যাংক থেকে বিশেষ তারল্য-সুবিধা নিতে পারবে। অবশ্য সুদভিত্তিক বিনিয়োগ ও অর্থায়ন করে না বলে ইসলামি ব্যাংকগুলোকে এই বিধানের বাইরে রাখা হয়েছে।বাংলাদেশ ব্যাংক গত মঙ্গলবার এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। ইতিমধ্যে তা সব ব্যাংকেই পাঠানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক সরকারি সিকিউরিটিজে ব্যাংকগুলোর বিনিয়োগ সুষম করতে ট্রেজারি বিল বা বন্ডের ঘোষিত পরিমাণের ৬০ শতাংশ পিডি ব্যাংক এবং বাকি ৪০ শতাংশ ২৫টি নন-পিডি ব্যাংকের মধ্যে বণ্টন করা হবে বলে নির্দেশনা দিয়েছে।অবশ্য পিডি ব্যাংক ছাড়া অন্যান্য ব্যাংক এ পদ্ধতিতে ট্রেজারি বিল বা বন্ড ক্রয় করলেও তারা প্রাইমারি ডিলার হিসেবে গণ্য হবে না। তবে তারল্য ব্যবস্থাপনার স্বার্থে পিডিদের পাশাপাশি এসব ব্যাংকও বিশেষ তারল্য সহায়তা নিতে পারবে।জানা গেছে, সরকারকে ঋণ জোগান দিতে গিয়ে ১২টি পিডি ব্যাংকের কাছে এসএলআর সংরক্ষণের পরও অতিরিক্ত অনেক অর্থ জমে আছে। কাগজেকলমে সেসব অর্থ বিনিয়োগযোগ্য তহবিল হলেও বন্ডের সেকেন্ডারি বাজার না থাকায় বা ব্যাংকগুলো পরস্পরের মধ্যে তা বেচাকেনা বা হাতবদল করতে পারছে না। উল্লেখ্য, পিডি বা প্রাইমারি ডিলার ব্যাংক বলতে সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ ব্যাংককে বোঝায়। সরকারের নিলামে অংশ নিয়ে এসব ব্যাংক সরকারের ঋণ সরবরাহ করে। বর্তমানে এর সংখ্যা ১২।নতুন নীতিমালা অনুযায়ী, পিডি ব্যাংকগুলোর জন্য নির্ধারিত ৬০ শতাংশের অর্ধেক তথা ৩০ শতাংশ নিলামের মাধ্যমে ইস্যু করা হবে। বাকি ৩০ শতাংশ সব পিডি ব্যাংকের মধ্যে সমানভাবে বণ্টন করা হবে। পিডিদের জন্য যে ৩০ শতাংশের নিলাম হবে সেখানে নন-পিডি ব্যাংকও অংশ নিতে পারবে। এ জন্য ওই ব্যাংক ৪০ শতাংশের নির্দিষ্ট অংশ থেকে ছাড় পাবে না। এ ছাড়া কোন ব্যাংককে কী পরিমাণ সিকিউরিটিজ গ্রহণ করতে হবে, আগের মাসের শেষ সপ্তাহে তা অবহিত করা হবে।