সব ব্যাংকে আলাদা কৃষিঋণ বিভাগ খুলতে হবে
দেশের সব বেসরকারি ও বিদেশি ব্যাংককে আলাদা কৃষিঋণ বিভাগ খোলার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে রাষ্ট্রায়ত্ত রূপালী ও বেসিক ব্যাংককেও এ নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ ও আর্থিক সেবাভুক্তি বিভাগ থেকে গতকাল মঙ্গলবার এ নির্দেশনা জারি করা হয়েছে। তাতে ব্যাংকগুলোর প্রধান কার্যালয়ে আলাদা বিভাগ/সেল খোলার পাশাপাশি শাখা পর্যায়ে একজন কর্মকর্তাকে কৃষিঋণ-সংশ্লিষ্ট কাজের জন্য সুনির্দিষ্টভাবে দায়িত্ব দিতে বলা হয়। সেই সঙ্গে বিভাগ ও কর্মকর্তাদের কাজের পরিধিও নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আগামী ২০ জুলাইয়ের মধ্যে এ নির্দেশনা পরিপালন করে তা কেন্দ্রীয় ব্যাংককে অবহিত করতে বলা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক বলেছে, কৃষিঋণ-সংশ্লিষ্ট আলাদা বিভাগ ও কর্মকর্তার কাজ হবে ঋণের গ্রাহক বাছাই, ঋণ প্রস্তাব তৈরি, মূল্যায়ন, মঞ্জুরি, তদারকি, বিতরণ ও ঋণ আদায় করা। এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে কৃষিঋণ-সংক্রান্ত সভা ও কৃষকের সঙ্গে মতবিনিময়েও অংশ নিতে হবে। পাশাপাশি ঋণখেলাপি হওয়ার আগে যথাযথভাবে ঋণ তদারকি ব্যবস্থাও জোরদার করতে হবে।