সব ব্যাংকে শিশু দিবাযত্নকেন্দ্র তৈরিতে নির্দেশনা প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তফসিলি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের শিশু সন্তানদের জন্য দিবাযত্নকেন্দ্র স্থাপনে নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় ব্যাংকগুলো কোথায় দিবাযত্নকেন্দ্র স্থাপন করবে, পরিচালনা কমিটিতে কারা থাকবেন, খরচ, খাবারের মান, ভর্তি ও ব্যবস্থাপনা, শিক্ষাদান ও নিরাপত্তা পদ্ধতি কেমন হবে তা নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের এই নীতিমালাটি অনুসরণ করার জন্য সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানে কর্মরত নারী বা পুরুষ তাঁদের ছয় মাস থেকে ৬ বছর বয়েসি সর্বোচ্চ ২টি সন্তান এই দিবাযত্নকেন্দ্রে ভর্তি করতে পারবেন। ব্যাংক কমিটি, একজন ডাক্তার, কর্মরত শিশুর মাতা বা পিতার মধ্যে থেকে মনোনীত প্রতিনিধির সমন্বয়ে গঠিত পরিচালনা কমিটি একটি ‘ওয়েলফেয়ার কমিটি’ গঠন করবে।

এ নীতিমালায় লিঙ্গ ভেদাভেদ না করে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের শিশু সন্তানদের বিনা খরচে অথবা সাধ্যানুযায়ী খরচের মধ্যে উপযুক্ত শিশু পরিচর্যার সুবিধা প্রদানের জন্য গুরুত্ব দেওয়া হয়েছে। কর্মজীবীদের শিশুদের সুষ্ঠু বিকাশ ও যথাযথ রক্ষণাবেক্ষণের লক্ষ্যে দিবাযত্নকেন্দ্র স্থাপনের নীতিমালাটি জারি করেছে বাংলাদেশ ব্যাংক।