সব শর্ত পূরণ ছাড়া এডিবির ঋণ পাওয়া যাবে না
সব শর্ত পূরণ না হলে পুঁজিবাজার উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছ থেকে প্রতিশ্রুত ৩০ কোটি ডলার (দুই হাজার ৪৬০ কোটি টাকা) ঋণ পাবে না বাংলাদেশ। ‘দ্বিতীয় পুঁজিবাজার উন্নয়ন কর্মসূচি’ শীর্ষক প্রকল্পের আওতায় ১৫ কোটি ডলার করে দুই ধাপে এ অর্থ পাওয়ার কথা। এ জন্য পুঁজিবাজারসহ আর্থিক খাতের সংস্কার-সংবলিত ২৮টি শর্ত পূরণ করতে হবে। শর্ত পূরণের তাগিদ দিয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে সম্প্রতি একটি চিঠি পাঠিয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছেও চিঠির অনুলিপি পাঠিয়েছে ইআরডি।এডিবির আবাসিক পরিচালক থেরেসা খো গত ২৬ সেপ্টেম্বর ইআরডির জ্যেষ্ঠ সচিব ইকবাল মাহমুদের সঙ্গে বৈঠক করেও একই ধরনের তাগিদ দিয়েছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। প্রথম ধাপের ১৫ কোটি ডলার ঋণের জন্য শর্ত পূরণের বাস্তবায়নকারী সংস্থা হচ্ছে বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। ইআরডির চিঠিতে বলা হয়েছে, ‘প্রয়োজনীয় বিধিবিধান ও আইন-সংশ্লিষ্ট শর্ত ৩০ সেপ্টেম্বরের মধ্যে পূরণ করা না হলে এডিবির পরিচালনা পর্ষদের সভায় এ কর্মসূচি ঋণের অর্থ পাওয়া সম্ভব হবে না। ফলে বাংলাদেশ বাজেট সহায়তা বাবদ ৩০ কোটি ডলার পাওয়া থেকে বঞ্চিত হবে।’ চলতি অক্টোবর মাসের মাঝামাঝিতে এডিবির পর্ষদ সভা অনুষ্ঠিত হওয়ার কথা। শর্ত পূরণের ব্যর্থতার কারণে যদি বাজেট সহায়তার এ অর্থ পাওয়া না যায়, তা হলে এর দায়দায়িত্ব সংশ্লিষ্ট বিভাগ বা সংস্থার ওপর বর্তাবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।ঋণ পেতে অর্থমন্ত্রীর চিঠি: দ্বিতীয় পুঁজিবাজার উন্নয়ন কর্মসূচির জন্য ঋণ পেতে গত আগস্ট মাসে এডিবির প্রেসিডেন্ট হারুহিকো কুরোদার কাছে একটি চিঠি (ডেভেলপমেন্ট পলিসি লেটার) পাঠিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বাংলাদেশ ‘নিম্ন-আয়, নিম্ন-সঞ্চয় ও নিম্ন-বিনিয়োগ’ ফাঁদে পড়ে রয়েছে বলে চিঠিতে তুলে ধরেন অর্থমন্ত্রী। এতে তিনি ২০১৫ সালের মধ্যে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার ৮ শতাংশ এবং ২০২১ সালের মধ্যে ১০ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রার কথাও তুলে ধরেন। নিয়ন্ত্রক সংস্থার তদারকির অভাব ও মাত্রাতিরিক্ত মার্জিন ঋণ দেওয়ার কারণে ১৯৯৬ ও ২০১০ সালে পুঁজিবাজারে সংকট তৈরি হয়েছে বলে চিঠিতে উল্লেখ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, এডিবির অর্থায়নে পুঁজিবাজার উন্নয়নে দ্বিতীয় কর্মসূচিটি বাস্তবায়িত হলে আর্থিক খাতে সন্তোষজনক সংস্কার আসবে, পুঁজিবাজারও পরিপক্ব হবে।দুই ধরনের শর্ত: ঋণ দিতে এডিবির শর্ত হচ্ছে স্বল্প ও দীর্ঘমেয়াদি—এই দুই ধরনের। আর ঋণ পাওয়ার জন্য সরকার এডিবিকে যে প্রতিশ্রুতি দিয়েছে, তার মধ্যে স্বল্পমেয়াদি শর্তের মধ্যে বেশ কটি পূরণ করার কথা ছিল গত ৩০ সেপ্টেম্বরের মধ্যে। স্বল্পমেয়াদি শর্তগুলো হচ্ছে: তদারকি, নিয়ন্ত্রণ ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ব্যাপারে এসইসির সক্ষমতা বৃদ্ধি; নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের অভাব দূর করা; দুই স্টক এক্সচেঞ্জের মধ্যে সুশাসনের অভাব দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া; আর্থিক প্রতিবেদন কাউন্সিল আইনের খসড়া সংসদে পাঠানো; প্রাইভেট প্লেসমেন্ট বিধিমালা চূড়ান্ত করা; ২০০৬ সালের প্রাতিষ্ঠানিক সুশাসন বিধিমালা যুগোপযোগী করা; সরকারি ঋণ ব্যবস্থাপনার জন্য মধ্যমেয়াদি পরিকল্পনা চূড়ান্ত করা; ব্যাংক কোম্পানি আইন সংশোধন; মার্জিন ঋণের হার ১: ০.৫ অনুপাতে নামিয়ে আনা; মূসক আইন সংশোধন; বিমা কোম্পানিগুলোর ন্যূনতম মূলধন সংরক্ষণ ইত্যাদি।দীর্ঘমেয়াদি শর্তগুলো হচ্ছে, এ বছরের ডিসেম্বরের মধ্যে ইলেকট্রনিক মার্কেট সার্ভিল্যান্স সিস্টেম চালুকরণ; স্টক এক্সচেঞ্জে মিউচুয়ালাইজেশন ব্যবস্থা চালু; ২০১৩ সালের জুনের মধ্যে বিশেষ আদালত গঠন; নভেম্বরের মধ্যে আয়কর অধ্যাদেশ সংশোধন; ২০০১ সালের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা পরিবর্তন; আইডিআরএর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ইত্যাদি।জানা গেছে, শর্ত পূরণের দিক থেকে সবচেয়ে এগিয়ে এসইসি। অন্য সবাই ব্যর্থতা ও গাফিলতির পরিচয় দিয়েছে। যেমন, আর্থিক প্রতিবেদন আইনের খসড়া এখনো চূড়ান্ত করতে পারেনি অর্থ বিভাগ। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ব্যাংক কোম্পানি আইন সংশোধনের খসড়া তৈরি করতে পারেনি। আবার তারা আইডিআরএর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির প্রস্তাব ফেলে রেখেছে। যোগাযোগ করলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারী প্রথম আলোকে বলেন, ‘আমরা চেষ্টা করছি। অনেক শর্তই পূরণ হয়েছে। আর কিছু আছে প্রক্রিয়াধীন।’ প্রথম ধাপের অর্থ পাওয়া যাবে বলে তিনি আশাবাদী। যোগাযোগ করলে এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, এডিবির অর্থায়নে দ্বিতীয় পুঁজিবাজার উন্নয়ন কর্মসূচি বাস্তবায়িত হলে পুঁজিবাজারের অবস্থা সুসংহত হবে। নানা শর্ত থাকলেও এডিবির তৈরি এ নীতি-ছক বাজারসহায়ক বলেই তিনি মনে করেন। এদিকে অর্থ বিভাগের শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মসিউর রহমানের ছুটিতে যাওয়া না-যাওয়া নিয়ে সময়ক্ষেপণ হওয়ায় আর্থিক প্রতিবেদন আইনের খসড়াটি চূড়ান্ত করা যায়নি। কারণ, এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি মসিউর রহমান।