সব শ্রমিক এখনো উৎসব ভাতা পাননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বকেয়া বেতন-বোনাস পরিশোধের জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়ে তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটি গতকাল বিজিএমইএ ভবন ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করে l প্রথম আলো
বকেয়া বেতন-বোনাস পরিশোধের জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়ে তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটি গতকাল বিজিএমইএ ভবন ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করে l প্রথম আলো

ঈদ ও পূজা উপলক্ষে পোশাকশিল্প শ্রমিকদের উৎসব ভাতা দিতে সরকার নির্ধারিত সময়সীমা মানলেন না মালিকেরা। গত রোববার এই সময় শেষ হলেও অধিকাংশ কারখানার পোশাকশ্রমিকই এখনো ভাতা পাননি। অন্যদিকে চলতি মাসের মজুরি সরকার নির্ধারিত সময় পরশু বৃহস্পতিবারের মধ্যে দেওয়া নিয়েও আছে শঙ্কা।
অবশ্য কত শতাংশ কারখানা উৎসব ভাতা দিয়েছে তা নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। তাদের দাবি, ৮০ শতাংশ কারখানা উৎসব ভাতা দিয়েছে। গত রোববার পর্যন্ত এ হিসাব ছিল ৬০ শতাংশ। তবে শিল্প পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল পর্যন্ত গাজীপুরের ৯১৮ কারখানার মধ্যে ৩০০টিতে বোনাস দেওয়া হয়েছে। আর আশুলিয়া, সাভার, গাজীপুর, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ এলাকার মাত্র ৩৫ শতাংশ পোশাক কারখানা উৎসব ভাতা দিয়েছে। তবে ঢাকা মহানগরের হিসাব পাওয়া যায়নি।
বিভিন্ন শ্রমিক সংগঠনের একাধিক নেতা বলেছেন, সর্বোচ্চ ৪০ শতাংশ কারখানার শ্রমিকেরা ভাতা পেয়েছেন।
এদিকে বকেয়া মজুরি ও ঈদ বোনাসের দাবিতে গতকাল বিজিএমইএ ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করেছে তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটি। কর্মসূচি থেকে শ্রমিকদের পাওনা পরিশোধে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন কমিটির নেতা-কর্মীরা। অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে। এ ছাড়া মিরপুরের আকিক অ্যাপারেলের শ্রমিকেরা এখনো গত আগস্ট মাসেরই মজুরি পাননি। শ্রমিকদের প্রতিশ্রুতি দিয়েও গত চার দিন ধরে মজুরি দিচ্ছি দেব করে শ্রমিকদের ঘোরাচ্ছে মালিকপক্ষ।
গত সপ্তাহে (২১ সেপ্টেম্বর) ক্রাইসিস ম্যানেজমেন্ট কোর কমিটির সভায় ২৮ সেপ্টেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের বোনাস ও ২ অক্টোবরের মধ্যে চলতি মাসের মজুরি পরিশোধ করার বিষয়ে সিদ্ধান্ত হয়। শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হকের সভাপতিত্বে ওই বৈঠকে বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে বেতন ভাতা ঠিকমতো পরিশোধ হচ্ছে কি না সেই বিষয়টি যাঁদের দেখার কথা, তাঁদের প্রায় সবাই বর্তমানে বিদেশে। একটি সম্মেলনে অংশ নিতে শ্রম প্রতিমন্ত্রী এখন ফ্রান্সের প্যারিসে, সঙ্গে আছেন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম। আর প্রধানমন্ত্রীর সঙ্গে আমেরিকা সফরে আছেন বিজিএমইএর তিন সহসভাপতি নাসিরউদ্দিন আহমেদ চৌধুরী, এস এম মান্নান ও রিয়াজ বিন মাহমুদ। বিজিএমইএর নেতাদের মধ্যে দেশে আছেন শুধু সহসভাপতি মো. শহিদুল্লাহ আজিম। বর্তমানে তিনি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন।
জানতে চাইলে শ্রমিকনেতা সিরাজুল ইসলাম বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে বেতন ও বোনাস না দেওয়া মালিকদের একটি অভ্যাসে পরিণত হয়েছে। এ জন্য অনেক শ্রমিকই বেতন ভাতা অনিশ্চয়তার মধ্যে আছেন। তাঁরা পরিবার-পরিজন নিয়ে ঈদ ও পূজা উদ্যাপন করতে পারবেন কি না জানি না।’ এ বিষয়ে বিজিএমইএর কঠোর তদারকি থাকলে মালিকেরা সময়মতোই দিয়ে দিতেন বলে মন্তব্য করেন তিনি।
অন্যদিকে শিল্প পুলিশের মহাপরিচালক (ডিজি) আবদুস সালাম প্রথম আলোকে বলেন, ‘অনেক মালিক ঈদের আগে একসঙ্গে বেতন ও বোনাস দিতে চাচ্ছেন। কারণ, তাঁদের আশঙ্কা, এখনই বেতন বোনাস দিলে শ্রমিকেরা কাজ না করে বাড়ি চলে যাবেন। তাতে উৎপাদন বন্ধ হয়ে যাবে।’
মজুরি নিয়ে শঙ্কা থাকছেই: সরকার নির্ধারিত বোনাস দেওয়ার সময়সীমা মানতে পারেননি মালিকেরা। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে মজুরি নিয়েও শঙ্কা আছে। শ্রমিক সংগঠনের নেতারা এমন আশঙ্কার কথা বললেও বিজিএমইএ এখনো আশার বাণী শোনাচ্ছে। বলছে, কোনো সমস্যা হবে না।
তবে এক হাজার ২০০ কারখানা ঝুঁকিপূর্ণ নজরদারি করছে বিজিএমইএ। এসব কারখানার অধিকাংশই ঠিকায় কাজ করে কিংবা নিয়মিত বেতন ভাতা পরিশোধ না করার কারণে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। এগুলোর মধ্যে ৬১৭ কারখানা ইতিমধ্যে পরিদর্শন করেছেন সমিতির কর্মকর্তারা। এর মধ্যে ২৭টি কারখানা শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করতে পারবে কি না, তা নিয়ে শঙ্কা আছে। অন্যদিকে শিল্প পুলিশের নজরদারিতে আছে সাভার, আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের ৩৮৫ ঝুঁকিপূর্ণ কারখানা।
জানতে চাইলে বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল্লাহ আজিম প্রথম আলোকে বলেন, ‘বেতন ভাতা নিয়ে এখনো বড় কোনো সমস্যা নাই। তোবা ছাড়া চারটি কারখানা নিয়ে জটিলতা ছিল, তার মধ্যে তিনটির সমস্যার সমাধান হয়েছে।’ সরকার নির্ধারিত বোনাস দেওয়ার সময়সীমা বিষয়ে তিনি বলেন, ‘সবাই দিতে পারেনি সত্য। তবে প্রক্রিয়ার মধ্যে হচ্ছে। ৩ অক্টোবরের মধ্যে সবাই দিয়ে দেবে।’ এ ছাড়া ঝুঁকিপূর্ণ কারখানার বিষয়ে তিনি বলেন, ‘এসব কারখানার সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। সমস্যা হওয়ার কথা না।’
তোবা সংকট সমাধানে আশা কম: তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটির নেতা-কর্মীরা শ্রমিকদের পাওনা পরিশোধে আলটিমেটাম দিলেও সমস্যা সমাধানে কোনো আশার আলো দেখা যাচ্ছে না। গ্রুপের মালিক দেলোয়ার হোসেনও সুস্পষ্ট কোনো আশ্বাস দেননি। তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডের বিমা দাবির টাকাও পাননি।
শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেওয়ার দাবিতে গতকাল বেলা সাড়ে ১১টা থেকে একটা পর্যন্ত বিজিএমইএ কার্যালয় ঘেরাও করে সংগ্রাম কমিটি। তারপর বেলা দুইটার দিকে শহিদুল্লাহ আজিমের কার্যালয়ে এ বিষয়ে জানতে চাইলে তিনি দেলোয়ার হোসেনের সঙ্গে সাংবাদিকদের সামনেই
মুঠোফোনে কথা বলেন। এ সময় দেলোয়ার হোসেন শ্রমিকদের বেতন ভাতা দেওয়ার জন্য বিজিএমইএর কাছে আবারও অর্থ চান। তবে ভারপ্রাপ্ত সভাপতি সেটি সম্ভব নয় বলে জানান। একই সঙ্গে তিনি দেলোয়ার হোসেনকে আজ দুপুরের মধ্যে শ্রমিকদের এক মাসের মূল মজুরি হলেও ব্যবস্থা করে দিতে বলেন। ফোনালাপ শেষে তিনি বলেন, কাল (আজ) বেলা একটার মধ্যে তোবার মালিক জানাবেন।
অবশ্য পরে বিকেলে যোগাযোগ করলে দেলোয়ার হোসেনের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
এদিকে ঘেরাও কর্মসূচিতে সংগ্রাম কমিটির আহ্বায়ক মোশরেফা মিশু বলেন, ‘প্রতিবার ঈদের সময় মালিকেরা শ্রমিকদের বেতন বোনাস দিতে এমন করেন, যেন তাঁরা শ্রমিকদের ভিক্ষা দিচ্ছেন।’ তিনি বলেন, ‘এবার শ্রমিকেরা যদি ঈদ করতে না পারেন, তাহলে মালিকেরাও ঈদ করতে পারবেন না।’