সব সুবিধাই আছে লালপুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার মতো প্রচুর জমি, সব ধরনের যোগাযোগব্যবস্থা, গ্যাস-বিদ্যুতের সহজলভ্যতা, কাঁচামাল প্রাপ্তিসহ প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধাই রয়েছে নাটোরের লালপুরে পদ্মার চর এলাকায়।
স্থানীয় রেলওয়ে, সওজ (সড়ক ও জনপথ), বিদ্যুৎ, জনস্বাস্থ্য প্রকৌশল, বিমানবন্দর, গ্যাস কর্তৃপক্ষ ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন শেষে গত রোববার সন্ধ্যায় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) পাঠানো চার ভারতীয় পরামর্শক দল সাংবাদিকদের এমন অভিমত দিয়েছে।
বেজার পরামর্শক দলের চার সদস্য অভিষেক মুখার্জি, ডে বায়ন, প্রভাকরণ ও সত্যমূর্তি রোববার সকালে নাটোরে আসেন। এরপর তাঁরা নর্থ বেঙ্গল সুগার মিলের (এনবিএসএম) অতিথিকক্ষে সরকারি সংস্থা ও বিভাগগুলোর স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে তাঁরা পাকশী পশ্চিম অঞ্চল রেলওয়ে অফিস, ঈশ্বরদী বিমানবন্দর, আজিমনগর রেলস্টেশন, ঈশ্বরদী গ্যাস ট্রান্সমিশন অফিস ও পল্লী বিদ্যুতের কার্যালয় ঘুরে দেখেন। পরে তাঁরা সরেজমিনে ‘নাটোর অর্থনৈতিক অঞ্চল’ স্থাপনের জন্য প্রস্তাবিত স্থান লালপুরের পদ্মার চর এলাকাও পরিদর্শন করেন।
সন্ধ্যায় পরামর্শক দলটি এনবিএসএমের অতিথিকক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে। দলটির সদস্য অভিষেক মুখার্জি জানান, লালপুরে পদ্মার চরে নাটোর অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার জন্য সব সুযোগ-সুবিধা বিদ্যমান রয়েছে। এখানে অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠলে এলাকার হাজার হাজার লোকের কর্মসংস্থান হবে। এতে এলাকারও উন্নয়ন ঘটবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) শফিকুর আলম, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সহকারী মহাব্যবস্থাপক মাজহারুল ইসলাম প্রমুখ।