সব সূচক ঊর্ধ্বমুখী নিয়ে সপ্তাহ শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের শেষ কার্যদিবসে গতকাল বৃহস্পতিবার শেয়ারবাজারের সব কটি সূচকই ঊর্ধ্বমুখী ছিল। মূল্যসূচক বাড়ার পাশাপাশি দুই বাজারের লেনদেনও বেড়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনের পরিমাণ গতকাল ৩০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এর আগে সর্বশেষ ১৩ ফেব্রুয়ারি ডিএসইর লেনদেন ৩০০ কোটি টাকা ছাড়িয়েছিল।শেয়ারবাজারের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দেওয়ার বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের দেওয়া বক্তব্য গতকালের এই ঊর্ধ্বগতির পেছনে বড় ভূমিকা রেখেছে। ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দিতে ঋণের সুদ মওকুফ ও আইপিওতে নির্ধারিত কোটা রাখার সুপারিশ করেছে বিশেষ স্কিম প্রণয়ন কমিটি। ওই কমিটির সুপারিশের ভিত্তিতে ১০ দিনের মধ্যে সরকারের সিদ্ধান্ত জানানো হবে বলে অর্থমন্ত্রী বুধবার সাংবাদিকদের জানিয়েছেন। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এই খবরে গতকাল বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার হয়, যার ইতিবাচক প্রভাব পড়েছে বাজারের বিভিন্ন সূচকে। দিন শেষে গতকাল ডিএসইর সাধারণ মূল্যসূচক ২ দশমিক ৮৬ শতাংশ বা প্রায় ১২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৩৬৮ পয়েন্টে। সূচকের ঊর্ধ্বগতি দিয়েই গতকাল ঢাকার বাজারে লেনদেন শুরু হয়, যা শেষ পর্যন্ত অব্যাহত ছিল। যোগাযোগ করা হলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মোহাম্মদ এ হাফিজ প্রথম আলোকে বলেন, ‘শেয়ারবাজারের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দেওয়ার বিষয়টি এখন সরকারের বিবেচনাধীন রয়েছে। এ ছাড়া শেয়ারবাজার নিয়ে সরকারের ইতিবাচক চিন্তাভাবনার বিষয়টিও অর্থমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন। আর এসব বক্তব্য বিনিয়োগকারীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। যার প্রভাব বাজারে দেখা গেছে।’মোহাম্মদ এ হাফিজ আরও বলেন, বর্তমানে বাজারের সবচেয়ে বড় সমস্যা আস্থার সংকট। সরকারের বক্তব্য সেই সংকট কাটাতে কিছুটা হলেও ভূমিকা রাখবে। লেনদেনের শুরু থেকেই গতকাল ঢাকার বাজারে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়তে থাকে। লেনদেনের শেষ পর্যন্ত সেই ধারা বজায় ছিল। বৃহস্পতিবার ঢাকার বাজারে ২৬০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২৪৯টিরই দাম বেড়েছে, কমেছে মাত্র নয়টির আর অপরিবর্তিত ছিল দুটির দাম। ডিএসইতে গতকাল ৩৩০ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ১১৪ কোটি টাকা বেশি।লেনদেনের দিক থেকে গতকাল ঢাকার বাজারে শীর্ষে ছিল যথাক্রমে: বেক্সিমকো, এনবিএল, গ্রামীণফোন, লংকাবাংলা ফিন্যান্স, আরএন স্পিনিং, ঢাকা ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ইউনাইটেড এয়ার, বেক্সিমকো ফার্মা ও সামিট পাওয়ার।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক গতকাল প্রায় ৩২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৫৯৯ পয়েন্টে। এদিন চট্টগ্রামের বাজারে ১৮২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৭৩টিরই দাম বেড়েছে, কমেছে ছয়টির আর অপরিবর্তিত ছিল তিনটির দাম। দিন শেষে গতকাল সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৩৭ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে নয় কোটি টাকা বেশি। এর আগে সর্বশেষ ১৬ ফেব্রুয়ারি সিএসইতে প্রায় ৪০ কোটি টাকার লেনদেন হয়েছিল।