
সেপ্টেম্বর মাস চলছে। আপনিও আয়কর বিবরণী জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু আয়কর বিবরণী ফরম পূরণ, কর হিসাব-নিকাশ করা ইত্যাদি ঝামেলা এড়াতে চান? তাহলে আয়কর মেলায় আসতে পারেন। অন্যবারের মতো এবারও আগামীকাল বুধবার থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর মেলা শুরু হবে।
রাজধানীসহ দেশের সব জেলা ও ৮৬টি উপজেলায় এ মেলা অনুষ্ঠিত হবে। রাজধানীর কর মেলা হবে বেইলি রোডের অফিসার্স ক্লাব প্রাঙ্গণে। ১৬ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ মেলা।
মেলায় করদাতারা আয়কর বিবরণীর ফরম থেকে শুরু করে কর পরিশোধের জন্য ব্যাংক বুথও পাবেন। আর করদাতাদের সহায়তা করার জন্য সহায়তাকেন্দ্রে অপেক্ষা করবেন কর কর্মকর্তারা। একই ছাদের নিচে সব সেবা মিলবে। করদাতা শুধু প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনলেই হবে।
জাতীয় আয়কর দিবস ও আয়কর মেলা উপলক্ষে গতকাল সোমবার এনবিআর আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এনবিআর সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলন হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর রাজধানী ঢাকাসহ সব বিভাগীয় শহরে সাত দিন, অন্য সব জেলা শহরে চার দিন, ২৯টি উপজেলায় দুই দিন এবং ৫৭টি জেলায় এক দিনের ভ্রাম্যমাণ কর মেলা হবে। ১৬ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে এ মেলা অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো উপজেলা পর্যায়ে এ মেলা হচ্ছে।
২০১০ সালে প্রথমবারের মতো ঢাকা ও চট্টগ্রামে আয়কর মেলার আয়োজন করা হয়। প্রতিবছরই মেলার পরিধি বেড়েছে। আর করদাতাদের মধ্যে কর মেলা জনপ্রিয় হয়ে উঠছে। গত বছর কর মেলায় মোট ৬ লাখ ৪৯ হাজার ১৮৫ জন সেবা নিয়েছেন।
কর মেলায় নতুন করদাতারা ইলেকট্রনিক কর শনাক্তকরণ নম্বর (ই-টিআইএন) নিতে পারবেন। আবার পুনর্নিবন্ধন করে ই-টিআইএন নিতে পারবেন পুরোনো করদাতারা। এ ছাড়া ই-পেমেন্টের জন্য পৃথক বুথ থাকবে। মেলায় আসা মুক্তিযোদ্ধা, নারী, প্রতিবন্ধী ও প্রবীণ করদাতাদের আলাদা বুথ থাকবে।
এদিকে আজ মঙ্গলবার জাতীয় আয়কর দিবস পালিত হবে। ২০১৪-১৫ করবর্ষের জন্য এবার ব্যক্তি পর্যায়ে ১০ জন সেরা করদাতা ও ১০টি প্রতিষ্ঠানকে কর কার্ড দেওয়া হবে। প্রতিবারের মতো এবারও জেলা পর্যায়ে ৩৯০ জন করদাতা সম্মাননা পাবেন। প্রতি জেলায় সর্বোচ্চ কর দেওয়া তিনজন করদাতা এবং দুজন দীর্ঘ মেয়াদে কর প্রদানকারীকে এ সম্মাননা দেওয়া হবে। এ ছাড়া সকালে সেগুনবাগিচার রাজস্ব ভবনের সামনে থেকে শোভাযাত্রাও বের হবে।
গতকালের সংবাদ সম্মেলনে এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, ভিয়েতনামে ৯ কোটি ৬০ লাখ লোক বাস করে। করদাতা রয়েছেন ২ কোটি। ২০১৮-১৯ অর্থবছরের মধ্যে এ দেশে ই-টিআইএনধারীর সংখ্যা ৩০ লাখে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তাই এবারের মেলায় কোনো লক্ষ্য দেওয়া হয়নি। তিনি আরও বলেন, ‘আমি সহকর্মীদের অনুরোধ করেছি, সেবার মনোভাব শুধু মেলায় নয়, সারা বছরই যেন থাকে।’
উল্লেখ্য, চলতি অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্য ১ লাখ ৭৬ হাজার ৩৭০ কোটি টাকা। এর মধ্যে আয়করে লক্ষ্য ৬৪ হাজার ৯৭১ কোটি টাকা।