সব স্মারক মুদ্রার মূল্য পুনর্নির্ধারণ
দেশীয় ও আন্তর্জাতিক বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশ ব্যাংক সব স্মারক মুদ্রার মূল্য পুনর্নির্ধারণ করেছে।একই সঙ্গে বাংলাদেশ ব্যাংক কাউন্টারের মাধ্যমে এসব স্মারক মুদ্রা জনসাধারণের কাছে বিক্রি এবং এক ব্যক্তির কাছে যেকোনো স্মারক মুদ্রা একবারে একটির বেশি বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে।সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এক টাকা অভিহিত মূল্যের ২০তম জাতীয় দিবস, ১৯৯১ সালের স্মারক মুদ্রা ও ১৯৯২ সালের সামার অলিম্পিক স্মারক মুদ্রা এক হাজার ২০০ টাকার স্থলে তিন হাজার ৩০০ টাকা এবং ১০ টাকা অভিহিত মূল্যের স্বাধীনতার রজতজয়ন্তী (১৯৯৬) স্মারক মুদ্রা ও বাংলাদেশ ব্যাংক রজতজয়ন্তী (১৯৯৬) স্মারক মুদ্রা এক হাজার ২০০ টাকার স্থলে তিন হাজার ৩০০ টাকায় পুনর্নির্ধারণ করা হয়েছে।এ ছাড়া ২০ টাকা অভিহিত মূল্যের ১৯৯৮ সালের বঙ্গবন্ধু সেতু উদ্বোধন স্মারক মুদ্রা এক হাজার ১৫০ টাকার স্থলে তিন হাজার টাকা; ২০০০ সালের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২০ টাকা, একটি বাক্সসহ) স্মারক মুদ্রা ৪০ হাজার টাকার স্থলে ৫০ হাজার টাকায় এবং ২০০০ সালের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২০ টাকা, দুটি বাক্সসহ) স্মারক মুদ্রা ৮০ হাজার টাকার স্থলে এক লাখ টাকায় পুনর্নির্ধারণ করা হয়। এ ছাড়া ১৯৯৮ সালের ১০ টাকা অভিহিত মূল্যের বঙ্গবন্ধু সেতু উদ্বোধন স্মারক মুদ্রা ৯০০ টাকাতেই অপরিবর্তিত রাখা হয়।